২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চালের দাম বেড়েছে, ব্যবসায়ীদের পরস্পর বিরোধী বক্তব্য

ভারত চালের রপ্তানি মূল্য প্রতি মেট্রিক টন এক হাজার ডলার নির্ধারণের ঘোষণা দেওয়ার পর পরই চট্টগ্রামে পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে দিয়েছে। দাম বেড়ে যাওয়ার বিষয়ে আমদানিকারক ও আড়তদাররা পরস্পর বিরোধী কথা বলেছেন। জানাচ্ছেন মিন্টু চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

মিন্টু চৌধুরী, চট্টগ্রাম অফিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত চালের রপ্তানি মূল্য প্রতি মেট্রিক টন এক হাজার ডলার নির্ধারণের ঘোষণা দেওয়ার পর পরই চট্টগ্রামে পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে দিয়েছে। দাম বেড়ে যাওয়ার বিষয়ে আমদানিকারক ও আড়তদাররা পরস্পর বিরোধী কথা বলেছেন। জানাচ্ছেন মিন্টু চৌধুরী। রোববার সকালে চাক্তাই ও খাতুনগঞ্জের আড়তদার এবং পাইকারী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একদিনের ব্যবধানে পাইকারী বাজারে সিদ্ধ চালের দাম প্রতি বস্তায় (৭৪ কেজি) দুইশ টাকা পর্যন্ত বেড়েছে। আতপ চালের দাম বেড়েছে বস্তায় (৭৪ কেজি) ৪০ থেকে ৫০ টাকা। অপরদিকে, নগরীর খুচরা বাজারগুলোতে বিভিন্ন প্রকার চালের দাম বেড়েছে কেজিতে দেড় থেকে দুই টাকা। কয়েকজন আড়তদার ও পাইকারী ব্যবসায়ী জানান, এসব চাল অনেক আগেই আমদানি করা হয়েছে। হঠাৎ করে দাম বাড়ার পিছনে আন্তজার্তিক বাজার বিশেষ করে ভারত সরকারের ঘোষণার চেয়ে আমদানিকারকদের সরবরাহ কমিয়ে মজুদ করার প্রবণতাই বেশি প্রভাব ফেলেছে। বৃহস্পতিবার ভারত সরকার বাসমতি ছাড়া অন্যান্য চালের রপ্তানি মূল্য প্রতি মেট্রিক টন এক হাজার ডলার নির্ধারণ করে দেয়। চাক্তাই ও খাতুনগঞ্জের আড়তদাররা বলেছেন, আতংকের কোনো কারণ নেই। বাজারে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে আমদানিকারকরা চাল সরবরাহ কমিয়ে দেওয়ায় পাইকারী বাজারে কৃত্রিম সংকটের আশংকা দেখা দিয়েছে বলে তারা অভিযোগ করেন। অপরদিকে, আমদানিকারকরা বলছেন মণ প্রতি চালের দাম বেড়েছে মাত্র ২০ থেকে ২৫ টাকা। যার খুব বেশি প্রভাব পাইকারী ও খুচরা বাজারে পড়ার কথা নয়। চাক্তাই ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাহিদা এবং ভারতের রপ্তানি মূল্য বৃদ্ধির ঘোষণার যৌথ প্রভাব বাজারে চালের দাম বাড়িয়ে দিয়েছে। এর রেশ আরও তিন চারদিন থাকবে।" তিনি আরও বলেন, "ভারত নতুন করে রপ্তানি মূল্য নির্ধারণ করলেও ওই দামে কোন চাল আমদানির এলসি এখনও পর্যন্ত খোলা হয়নি। এই ঘোষণার সঙ্গে চালের দাম বেড়ে যাওয়া দু:খজনক।" দাম বৃদ্ধির পেছনে পাইকার ও আড়তদারদের কোন ভূমিকা নেই উল্লেখ করে ওমর আজম বলেন, "প্রতি মাসের শেষের দিকে স্বাভাবিকভাবে বাজার একটু বাড়তি থাকে। কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পাইকার, আড়তদার ও খুচরা দোকানিদের মাঝে আতংক ছড়িয়ে পড়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।" নাম প্রকাশে অনিচ্ছুক চাক্তাই এলাকার অপর এক আড়তদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেকে মনে করে আড়তদাররা ইচ্ছে করে দাম বাড়িয়ে থাকে। আমদানিকারকদের কাছ থেকে চাল কিনে আমরা পাইকারী ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করি। আমদানিকারকরা বিক্রয় মূল্য বেশি রাখার কারণে পাইকারী বাজারে দাম বেশি পড়ছে। অথচ বর্তমানে চালের মজুদ পর্যাপ্ত থাকা সত্ত্বেও আমদানিকারকদের যোগসাজশে বাজারে দাম বৃদ্ধি এবং চালের কৃত্রিম সংকট সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।" বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়নি দাবি করে চাল আমদানিকারক প্রতিষ্ঠান মাসুদ অ্যান্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী আবুল বশর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববারের আগে গত দুই মাস আমদানিকারকরা স্থানীয় বাজারে লোকসান দিয়ে চাল বিক্রি করেছেন। একদিনের ব্যবধানে আমদানিকারকরা প্রতি মণে দাম বাড়িয়েছে মাত্র ২০ থেকে ২৫ টাকা। পাইকারী ও খুচরা বাজারে এর প্রভাব সামান্যই পড়ার কথা।" এ বিষয়ে ব্যবসায়ী ওমর আজম বলেন, আমদানিকারকদের কাছ থেকে ক্রয়মূল্য বেশি পড়ায় আড়ত ও পাইকারী বাজারে দাম বেশি পড়ছে। বাজারে আতপের চেয়ে সিদ্ধ চালের দাম বেশি বেড়েছে। ভারত থেকে আগের এলসির বিপরীতে চার লাখ মেট্রিক টন চাল বাংলাদেশে প্রবেশ এবং দেড় থেকে দুই মাস পর বোরো ফলন আসলে দাম স্থিতাবস্থায় আসতে পারে। পাইকারী বাজারে ভারতীয় বেতি ৭৪ কেজির বস্তা ২২৫০ টাকা, মিনিকেট আতপ ২৫৬০ টাকা, মিনিকেট সিদ্ধ ২৯১০ টাকা, নাজিরশাইল ২৮৫০ টাকা, পারি সিদ্ধ ২৪৫০ টাকা, জিরা সিদ্ধ ২৯৮৫ টাকা ও বার্মা বেতি ১৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারী বাজারে প্রতিকেজিতে আতপ চালের দাম বেড়েছে ৫০ পয়সা থেকে এক টাকা পর্যন্ত। সিদ্ধ চালের দাম প্রতি কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা। অপরদিকে রেয়াজুদ্দিন বাজারের খুচরা চাল বিক্রেতা আবদুর রাজ্জাক জানান, বিভিন্ন মানের চালের দাম একদিনের ব্যবধানে দুই টাকা পর্যন্ত বেড়েছে। তিনি জানান, রোববার সকালে ভারতীয় বেতি চাল কেজিতে ১ টাকা বেড়ে ৩৪ টাকা, মিনিকেট আতপ ১ টাকা বেড়ে ৩৬ টাকা, মিনিকেট সিদ্ধ ২ টাকা বেড়ে ৪১ টাকা, পাইজাম ১ টাকা বেড়ে ৪৩ টাকা, ভারতীয় বালাম সিদ্ধ ২ টাকা বেড়ে ৩৪ টাকা, পারি সিদ্ধ ১ টাকা বেড়ে ৩৪ টাকা এবং জিরা সিদ্ধ দেড় টাকা বেড়ে বিক্রি হচ্ছে সাড়ে ৪৩ টাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/জিএনএ/১৭৪৯ঘ.