গাজীপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কথা স্বীকার করে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, এমন অবস্থায় ক্রয়ক্ষমতা ও প্রকৃত আয় না বাড়ায় সীমিত আয়ের মানুষের দুর্ভোগ ক্রমাগত বাড়ছে।
খাদ্যপণ্যের উৎপাদন বাড়াতে সরকার একটি নতুন জাতীয় কৃষিনীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোবববার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) শুরু হওয়া তিন দিনের প্রযুক্তি হস্তান্তর কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, "বৈরী আবহাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাকের কারণে বিশ্বব্যাপী কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে। উন্নত বিশ্বের অনেক দেশ বেশি লাভের জন্য জৈব-জ্বালানি উৎপাদনে খাদ্যশস্য ও ফসলি জমি ব্যবহার করছে। ফলে বিশ্ব বাজারে খাদ্যশস্যের সরবরাহ ক্রমশ হ্রাস পাচ্ছে। পাশাপাশি বিশ্বব্যাপী দ্রুতলয়ে বাড়ছে খাদ্যশস্যের দাম। এর প্রবল ধাক্কা এসেছে আমাদের উপরও।"
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়ে গেছে। নিম্ন ও মধ্যবিত্ত এবং সীমিত আয়ের মানুষের ক্রয় ক্ষমতা ও প্রকৃত আয় না বাড়ায় দুর্ভোগ ক্রমাগত বাড়ছে।"
খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "আমরা স্পষ্ট বুঝতে পারছি, পরিবর্তিত প্রেক্ষাপটে আমদানি করে খাদ্য ঘাটতি পূরণের মতো কৌশল অনেক ঝুঁকিপূর্ণ। এ অবস্থা থেকে মুক্তি পেতে দ্রুত খাদ্যশস্য উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। এ জন্য আমাদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কার্যকর ও টেকসই পরিকল্পনা ও কর্মসূচি নিতে হবে। কৃষি উৎপাদন ব্যবস্থাকে নতুন আঙ্গিকে ঢেলে সাজাতে হবে।"
কৃষিজমি হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে এখন কৃষি উৎপাদনে ঝুঁকি ও খরচ বেড়ে গেছে জানিয়ে প্রধান উপদেষ্টা প্রযুক্তিভিত্তিক ও প্রতিবন্ধকতা সহিষ্ণু কৃষি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
তিনি জানান, কৃষির আধুনিকায়ন ও গবেষণার জন্য সরকার চলতি অর্থবছরে ৩৫০ কোটি টাকার একটি তহবিল করেছে। এছাড়া বিশ্বব্যাংকের সহযোগিতায় কৃষি গবেষণা ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘমেয়াদি জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প গ্রহণ করা হয়েছে। একটি নতুন জাতীয় কৃষিনীতি প্রণয়নের উদ্যোগও নেয়া হয়েছে।
কৃষি সচিব এম আবদুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি উপদেষ্টা সি এস করিম। স্বাগত বক্তব্যে বারি'র উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ফসলের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক এম হারুন-উর-রশীদ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা বারি'র বিভিন্ন উদ্ভাবন ঘুরে দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এসএনডি/জিএনএ/১৬৫৫ ঘ.
bdnews24