২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসাকার হাতে আটক ৩০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী- নাসাকার হাতে আটক ৩০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে দেশটি। রোববার দুপুরে টেকনাফের নাফ নদীর মোহনায় বিডিআরের কাছে তাদের হস্তান্তর করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 10:21 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

কক্সবাজার, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী- নাসাকার হাতে আটক ৩০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে দেশটি। রোববার দুপুরে টেকনাফের নাফ নদীর মোহনায় বিডিআরের কাছে তাদের হস্তান্তর করা হয়। দুই মাস আগে বঙ্গোপসাগরে নাসাকা বাহিনীর হাতে এরা ধরা পড়েন। এই বাংলাদেশিরা মাছ ধরার ট্রলারে অবৈধভাবে মালয়েশিয়ার যাওয়ার জন্য সমুদ্র পাড়ি দিচ্ছিল বলে জানিয়েছেন ফেরত আসা একজন। ২৩ রাইফেল ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আমিন জানান, এক সপ্তাহ আগে নাসাকার একটি চিঠির মাধ্যমে তারা জানতে পারেন ৩০জন বাংলাদেশি তাদের হাতে আটক আছে। তারা সাধারণ বন্দি না হওয়ায় বাংলাদেশে পাঠানোর প্রস্তাব দেয় নাসাকা। বিডিআর স্থানীয় পর্যায়ে খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা জানতে পেরে নাসাকাকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে আটক এই বাংলাদেশিদের ফেরত দিয়েছে মিয়ানমার। নাফ নদীর মোহনায় বিডিআরের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আমিনের নেতৃত্বে একদল বিডিআর সদস্য তাদের গ্রহণ করেন। দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন- মোহাম্মদ ইসমাইল (মুছনী, টেকনাফ), জাকির হোসেন (সাবরাং, টেকনাফ), নুরুল ইসলাম (শাহপরীরদ্বীপ, টেকনাফ), মোহাম্মদ ইলিয়াছ (খুটাখালী, চকরিয়া), বদিউল আলম (তারাবনিয়ারছড়া, কক্সবাজার), নুর হোসেন (জাদিমুরা, টেকনাফ), এনায়েত উল্লাহ (টেকনাফ), নুর বশর (টেকনাফ), দিদার হোসেন (পটিয়া, চট্টগ্রাম), মোহাম্মদ হোসেন (পটিয়া, টেকনাফ), আবদুর রহিম (টেকনাফ), মোহাম্মদ যুবায়ের (ঘোনারপাড়া, কক্সবাজার)। বাকীদের মধ্যে আছেন- কামাল উদ্দিন (পটিয়া, চট্টগ্রাম), মো. ফরিদ (ঈদগাঁও, কক্সবাজার), শামসুল আলম (লাইটহাউস পাড়া, কক্সবাজার), মোহাম্মদ ইউনুস (বাহারছড়া, টেকনাফ), নুরুল আলম (নোয়াখালিয়া পাড়া, টেকনাফ), নুর হোসেন (টেকনাফ), শাহআলম (হ্নীলা, টেকনাফ), নুর মোহাম্মদ (শাহপরীরদ্বীপ, টেকনাফ), আবদুল করিম (মুছনি, হ্নীলা), আবু বকর (জাদিমুরা, হ্নীলা), করিম উল্লাহ (জাদিমুরা, হ্নীলা), মোহাম্মদ ইউনুস (নোয়াখালিয়া পাড়া, টেকনাফ), আলী হোসেন (নোয়াখালিয়া পাড়া, টেকনাফ), খোরশেদ আলম (মুছনি, টেকনাফ), আবদুর রহমান (হ্নীলা, টেকনাফ), আবদুল গণি (হাজীপাড়া, টেকনাফ) ও মোহাম্মদ ইকবাল (টেকনাফ)। ফিরে আসা নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা প্রায় দু'মাস আগে মালয়েশিয়ার উদ্দেশ্যে বাংলাদেশের টেকনাফ উপকূল থেকে যাত্রা করেছিলেন। কিন্তু কয়েকদিনের মাথায় মাছ ধরার ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে ভাসতে ভাসতে মিয়ানমার উপকূলে গিয়ে ঠেকে। ওখানে নাসাকা বাহিনীর হাতে তারা আটক হন। বিডিআর কর্মকর্তা মেজর মোহাম্মদ আমিন জানান, মালয়েশিয়ায় যাত্রার কথা উদ্ধারপ্রাপ্ত বাংলাদেশিরা তাদের না বললেও একটি ট্রলারে ৩০ জন মাছ ধরতে যাওয়ার বিষয়টি সন্দেহজনক। তাই পুলিশের কাছে তাদের হস্তান্তরের সময় এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি জানান, দুপুর আড়াইটার দিকে ফেরত আসা ৩০ জনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ফেরত আসা বাংলাদেশিদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। খোঁজ খবর নেয়ার পর তাদের ছেড়ে দেওয়া হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৬ ঘ.