ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গ্রামীণ ফোনে স্থায়ী চাকরির দাবিতে বেসরকারি মোবাইল ফোন কোম্পানিটির ভাড়াটে গাড়িচালকরা রোববার সকালে পাঁচ ঘন্টা অবস্থান ধর্মঘট করেছেন।
গুলশানের গ্রামীণফোনের সদর দপ্তরের সামনে প্রায় আটশর মত গাড়ি চালক সকাল ৬ টা থেকে ১১ টা পর্যন্ত অবস্থান ধর্মঘট করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গ্রামীণফোনের চালকরা সকাল থেকে অবস্থান ধর্মঘট পালন করেন।"
গাড়ি চালক গোলাম জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ১০ বছর যাবত গ্রামীণফোনের গাড়ি চালাই। অথচ আমরা গ্রামীণফোনের স্টাফ নই। মধ্যসত্বভোগীদের কাছে আমরা জিম্মি হয়ে আছি।"
তার দাবি, ফোন কোম্পানি তাদের জন্য বেতন দেয় তিনশ আমেরিকান ডলার। অথচ তাদের মোট বেতন দেয়া হয় ছয় হাজার ৩৮৪ টাকা, যা এক'শ ডলারও নয়।
তিনি বলেন, "আমাদের কোন নিয়োগ পত্র নেই। যখন ইচ্ছা আমাদের বাদ দিয়ে দিচ্ছে নিয়োগ দানকারী সংস্থা।"
জিলানি আরও বলেন, "গ্রামীণফোনের গাড়ি আছে অথচ নিজস্ব চালক নেই। আমরা দীর্ঘ দিন ধরে তাদের গাড়ি চালিয়ে আসছি। এখন আমরা এই প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি চাই। আমরা কোন মধ্যস্বত্বভোগীর কাছে জিম্মি থাকতে চাইনা।"
আরেকজন গাড়ি চালক মো: রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের ৮ ঘন্টা করে কাজ করার কথা। কিন্ত প্রতিদিন ১০ ঘন্টা করে কাজ করতে হয়। বিনা পয়সায় অতিরিক্ত দুই ঘন্টা কাজ করিয়ে নেয়ার খবর গ্রামীণফোনের উর্ধ্বতন কোন কর্মকর্তা জানতেন না।"
তিনি বলেন, "গ্রামীণফোন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে, তারা আগামী মঙ্গলবার পর্যন্ত সময় নিয়েছে। এর মধ্যে সবার সঙ্গে কথা বলে আমাদের জানানো হবে বলে আশ্বাস দিয়েছে"। এই আশ্বাসের ভিত্তিতে তারা আবার কাজে যোগ দিয়েছেন বলে তিনি জানান।
গ্রামীণফোনের জনসংযোগ বিভাগের পরিচালক ইয়ামিন বখত টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাড়াটে চালকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আবার কাজ শুরু করেছেন।"
তিনি বলেন, "আমরা কোম্পানির কাছ থেকে চালক ভাড়া করি। মাস শেষে ওই কোম্পানিকে টাকা দেওয়া হয়। তারা চালকদের বেতন দেয়।"
ইয়ামিন বখত জানান, চালকদের অভিযোগ আদের নিয়োগদাতা কোম্পানির বিরুদ্ধে। গ্রামীণফোনের বিরুদ্ধে নয়।
গ্রামীণফোনে এধরনের গাড়ি চালকের সংখ্যা প্রায় ৭৫০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এলএইচ/এএইচডি-ইএইচবি/আরএ/জিএনএ/১৪০০ ঘ.
bdnews24