যশোর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শার্শা উপজেলায় যশোর-বেনাপোল সড়কে রোববার বাসচাপায় তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
সকাল ৯টার দিকে শার্শা থানার সামনে ওই দুর্ঘটনা ঘটে বলে শার্শা থানার উপ-পরিদর্শক আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নিহতরা হলেন, সিরাজুল ইসলাম গাইন (৪৫), হযরত আলী গাইন (৫০) ও মতি গাইন (৪৮)। তাদের বাড়ি শার্শা উপজেলার কন্যাদহ গ্রামে।
আবুল কালাম জানান, বেনাপোলগামী ঈগল পরিবহনের একটি কোচ বিপরীতমুখী একটি মাছের ভ্যানকে চাপা দিলে মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম গাইন ও হযরত আলী গাইন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত মতি গাইন, ভ্যানচালক কাকো, ইসমাইল গাইন ও ভদরেশ্বরকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উবায়দুল কাদির উজ্জল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর মতি গাইন মারা যান।
আহত তিন জন যশোর সদর হাসপাতালে রয়েছেন।
বাসটি আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৭ ঘ.
bdnews24