ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি দল রোববার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করে। এর আগে তারা সেনাসদরে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকবের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলটি সকাল সোয়া ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে। তারা স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি আমলকী গাছের চারাও রোপণ করেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতের সেনারা।
স্মৃতিসৌধে ভারতের প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান সাভার সেনানিবাসের কর্মকর্তা কর্নেল নাসিম আক্তার। মেজর মোহাম্মদ আশরাফ স্মৃতিসৌধের বিভিন্ন এলাকা তাদের ঘুরে দেখান।
এর আগে সকালে ভারতীয় প্রতিনিধি দলটি সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে সেনাসদরে সৌজন্য সাক্ষাত করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওই সময় জে এফ আর জ্যাকব বলেন, "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে অংশ নিতে পেরে আমরা গর্বিত।"
স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং সেনা প্রতিনিধিদলকে শুভেচ্ছা দূত হিসাবে আখ্যায়িত করে জেনারেল মইন উ আহমেদ বলেন, "আপনাদের এ সফরের মাধ্যমে দুদেশের জণগনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।"
ভারতীয় প্রতিনিধি দলটির বুধবার সকালে স্বদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সেনাপ্রধানের আমন্ত্রণে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা কর্মকর্তাদের ১০ সদস্যের প্রতিনিধি দলটি মঙ্গলবার বাংলাদেশে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এফএফ/এমআই/১৩১১ ঘ.
bdnews24