বাগেরহাট, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সদর দফতরের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) বেনজির আহমেদ বলেছেন, বিভিন্ন বিভাগে দুর্নীতি ও অনিয়ম আছে। কিন্তু একমাত্র পুলিশ বিভাগই অভ্যন্তরীণ দুর্নীতির কথা উপলব্ধি করে সংস্কার চাচ্ছে।
শনিবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে খসড়া পুলিশ অধ্যাদেশ ২০০৮ এর ওপর অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "রাজনৈতিক সরকারগুলোর সময় পুলিশ বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়। পুলিশ এখন জনস্বার্থে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে চায়। পুলিশকে আধুনিক ও জবাবদিহিমূলক একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সময়ই উপযুক্ত।"
বাগেরহাট পুলিশ সুপার একেএম শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাঈনুর রহমান চৌধুরী, খুলনা রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামান মিঞা এবং বাগেরহাট জেলা প্রশাসক সহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে মত প্রকাশ করে বক্তৃতা রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকু, অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাটের সরকারি কৌসুলি (পিপি) জাহাঙ্গীর আলী বাবু, আইনজীবী শামছুল হক, জেলা মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদিকা সীতারাণী দেবনাথ, স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তরের প্রকল্প কর্মকর্তা শাহাদত হোসেন বাচ্চু, ফকিরহাট উপজেলার বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাস, ফেমা'র সম্পাদক অ্যাডভোকেট শাহীন সিদ্দিকী, ডা. ওলিয়ার রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩৩৮ ঘ.
bdnews24