মৌলভীবাজার, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার মনোমুখ ইউনিয়নের সাধুহাটি বাজারে শনিবার রাতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শতাধিক আহত হয়েছে।
ব্যাডমিন্টন খেলা নিয়ে বিতণ্ডা ও হাতাহাতির জের ধরে লামুয়া ও সাধুহাটি গ্রামের লোকদের মধ্যে রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ৭০ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও প্রায় ৩০/৪০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মৌলভীবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আর কে এস রয়েল রাত ১০টা ৫০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ পর্যন্ত ৭০ জনকে ভর্তি করা হয়ছে। ৩০/৪০ জনকে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। এখনও রোগী আসছে। তাদের শরীরের বিভিন্ন অংশ কাটা। সেলাইসহ নানা ধরনের চিকিৎসা চলেছে।"
মৌলভীবাজার সদর থানার উপপরিদর্শক এমদাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লামুয়া গ্রামের রাজামিয়া ও সাধুহাাটি গ্রামের বাবুল মিয়ার মধ্যে সাত আটদিন আগে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে শনিবার রাতে সাধুহাটি বাজারে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষ দা, বল্লম, সুলফি, লাঠিসোটা প্রভৃতি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে নামে।
তিনি আরও জানান, প্রায় একঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩২৯ ঘ.
bdnews24