মৌলভীবাজার, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সদর দপ্তরের সিকিউরিটি সেলের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) শোয়েব আহমদকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবক হলেন- কমলগঞ্জের শমসেরনগর ইউনিয়নের বাদার দেউল গ্রামের মোবাশ্বের আলীর ছেলে জিপ চালক আব্দুল সালাম (২২)।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফেরদৌস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুস সালামকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দূপুরে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। তদন্তের পর তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে।
উপ-পরিদর্শক জানান, গত ২৬ মার্চ রাত ৮টা ৩২ মিনিটে ০১৭১০-৩৮৩৪৯৬ মোবাইল ফোন থেকে এআইজি শোয়েব আহমদের স্ত্রীর মোবাইল ফোনে একটি কল আসে। কল রিসিভ করার অপরপ্রান্তের লোকটি এআইজির স্ত্রীকে নানাভাবে বিরক্ত করেন। রাতে এআইজি বাসায় ফিরে বিষয়টি জানতে পেরে ওই মোবাইল ফোনে কল করে তার স্ত্রীকে বিরক্ত করার কারণ জানতে চান। এক পর্যায়ে তিনি নিজের পরিচয় দেন এবং এটি তার স্ত্রীর মোবাইল নম্বর জানিয়ে বিরক্ত না করার অনুরোধ করেন।
তারপরও ওই লোকটি এআইজির স্ত্রীর মোবাইলে কল করলে ওই সময় তিনি নিজে কল রিসিভ করেন। এসময় তিনি ফোন করা লোকটির পরিচয় জানতে চাইলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় এআইজি শোয়েব আহমদ সে রাতেই আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে পুুলিশ গ্রামীণফোন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয় ওই মোবাইল নম্বরটি কমলগঞ্জ উপজেলার বাদার দেউল গ্রামের আব্দুস সালামের।
আদাবর থানা গত শুক্রবার মোবাইলে হুমকিদাতার পরিচয় উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কমলগঞ্জ থানায় বার্তা পাঠায়। কমলগঞ্জ পুলিশ বার্তাটি জিডি হিসেবে গ্রহণ করে আব্দুস সালামকে শনিবার সকালে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আব্দুস সালাম পুলিশকে জানিয়েছে, "আমি লেখাপড়া জানি না মোবাইলের বাটন টিপতে টিপতে এমনিতেই কলটি ওই নম্বরে চলে গিয়েছিল।"
এআইজি শোয়েব আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছেলেটির অশালীন আচরণ ও হুমকিতে আমি অবাক হই। উঠতি বয়সের ছেলেরা এভাবে প্রায়ই নারীদের বিরক্ত করে থাকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৫২ ঘ.
bdnews24