ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা ভাষায় বিভিন্ন শব্দের বানানে বিভিন্নতায় আক্ষেপ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, বাংলা ভাষার মতো অন্য কোনো ভাষা নিয়ে এত বিভ্রান্তি নেই।
শনিবার দুপুরে সিরডাপ মিলনায়তনে 'মহান একুশে সুবর্ণজয়ন্তী গ্রন্থ' এর প্রকাশনা উৎসবে সভাপতির বক্তব্যে তিনি বলেন, "শুধু 'বাঙালি' শব্দটিই ছয়ভারে লেখা যায়; আমার মনে হয় আর কোনো ভাষা নিয়ে এত বিভ্রান্তি নেই। ভাষার ব্যাপারে আমাদের সৃজনশীল সমাজ কখনো একমত হতে পারেনি। কোনো ব্যাপারে একমত না হওয়া আমাদের জাতিগত বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে।"
দেশের মতোই বাংলা ভাষা এখন 'অস্থিতিশীল' উল্লেখ করে সাবেক প্রধান বিচারপতি বলেন, "বর্তমান পরিস্থিতিতে দেশ যেমন অবিন্যাস্ত ও অস্থিতিশীল, বাংলা ভাষার অবস্থাও অনেকটা তেমনি।"
অনুষ্ঠানে কবি আল মাহমুদ বলেন, "রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রেই আমাদের বন্ধ্যাত্ব নেমে এসেছে। বাস্তব এখন মোটেই সহনীয় নয়। আমরা আসলে ভালো নেই। কিন্তু কবিকে সব সময় আশার বাণী শোনাতে হয়।"
অধ্যাপক এমাজউদ্দিন আহমদ বলেন, "আমাদের রাজনীতি ভয়ঙ্করভারে অপরিণত। এটি সর্বত্রই প্রভাব ফেলছে। এ সুযোগে ইংরেজি ভাষার আগ্রাসন নতুন ঔপনিবেশিক দখলের মত ছড়িয়ে পড়ছে। এ সময় এ ধরনের একটি বই প্রকাশ করা অবশ্যই সাহসী ও সময়োচিত পদক্ষেপ।"
প্রকাশনা উৎসবে অন্যদের মধ্যে ছিলেন ভাষাসৈনিক আবদুল মতিন, অধ্যাপক মো. আনিসুর রহমান, অধ্যাপক মনসুর মুসা, প্রকাশক সৈয়দ জাকির হোসাইন প্রমুখ।
অধ্যাপক মাহবুব উল্লাহ'র সম্পাদনায় প্রকাশিত এ বইয়ে বাংলা ভাষা ও ভাষা আন্দোলন বিষয়ে তিন শতাধিক লেখকের লেখা স্থান পেয়েছে। বইটিতে বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের ইতিহাস-বিবর্তন, বাংলা ভাষা ও ভাষা বিতর্ক নিয়ে ভাষা আন্দোলনের পূর্বাপর লেখকদের লেখা, ভাষা আন্দোলনভিত্তিক প্রবন্ধ, কবিতা, ছড়া, গান, পত্রপত্রিকার সম্পাদকীয় এবং ভাষা সৈনিকদের স্মৃতিচারণ ও সাক্ষাৎকার রয়েছে।
১৭শ' পৃষ্ঠার এ বইটির দাম দুই হাজার দুইশ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এএল/এসএনডি/১৮০৬ ঘ.
bdnews24