২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় নিখোঁজ সুমিকে উদ্ধার, বললেন বিয়ে করে বাড়ি ছেড়েছি

সদর উপজেলার বাঁকাল গ্রাম থেকে নিখোঁজ হওয়ার সাড়ে চার বছর পর সুমাইয়া ইয়াসমিন (ওরফে) সুমিরানী সরকারকে (২২) উদ্ধার করেছে পুলিশ। সুমি জানিয়েছেন, তাকে অপহরণ করা হয়নি। তার বাবা রতিকান্ত সরকার ওই ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো অপহরণ মামলা করেছিলেন। এই মামলায় একই গ্রামের পাঁচজনের ১৪ বছর করে কারাদণ্ড হয়েছিল। তারা বর্তমানে কারাগারে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

সাতক্ষীরা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার বাঁকাল গ্রাম থেকে নিখোঁজ হওয়ার সাড়ে চার বছর পর সুমাইয়া ইয়াসমিন (ওরফে) সুমিরানী সরকারকে (২২) উদ্ধার করেছে পুলিশ। সুমি জানিয়েছেন, তাকে অপহরণ করা হয়নি। তার বাবা রতিকান্ত সরকার ওই ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো অপহরণ মামলা করেছিলেন। এই মামলায় একই গ্রামের পাঁচজনের ১৪ বছর করে কারাদণ্ড হয়েছিল। তারা বর্তমানে কারাগারে আছেন। সুমি সাংবাদিকদের জানান, ২০০৪ সালে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে শহরের পলাশপোল এলাকার রাশেদ মোল্লাকে বিয়ে করেন এবং বাড়ি ছাড়েন। কিছুদিন আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি বাঁকাল এলাকার আব্দুল রউফের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে ২৭ মার্চ পুলিশ তাকে আটক করে। সদর থানার দায়িত্বরত উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ২০০৩ সালের ৬ নভেম্বর সাতক্ষীরা শহরের নাবারুন বালিকা বিদ্যালয়ের সামনে থেকে নবম শ্রেণীর ছাত্রী সুমিরানীকে অপহরণ করা হয়েছে- এমন অভিযোগ এনে তার বাবা রতিকান্ত সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। পরে সদর থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ওয়াহিদুজ্জামান ওই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২০০৫ সালের ২৭ ফেব্র"য়ারি সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. মাহতাব উদ্দিন ওই পাঁচজনকে ১৪ বছর করে কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বাঁকাল গ্রামের আব্দুল হাকিম, আবুল হাশেম, আবুল কাশেম, শফিকুল ইসলাম ও কলিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আমিরুল ইসলাম। সুমির বাবা রতিকান্ত বর্তমানে খুলনা সড়ক ও জনপথ বিভাগে কর্মরত। সদর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুমিকে নিরাপদ হেফাজতে নিয়ে সাতক্ষীরা জেলহাজতে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্তদের কি হবে জানতে চাইলে তিনি জানান, এই সিদ্ধান্ত নেবে আদালত। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৫ ঘ.