২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আঘাতের জবাব আঘাতেই: পাবনায় ২৭ মার্চ নিহত হয় ২০০ পাক সেনা

একাত্তরের ২৫ মার্চ পাক হানাদাররা যখন বাঙালি নিধন শুরু করে, তখন বিভিন্ন স্থানেই জনতা নিজ থেকেই প্রতিরোধ গড়ে তোলে। কোথাও সংগঠিত আবার কোথাও অসংগঠিতভাবেই পাক হানাদারদের প্রতিরোধে ব্যুহ রচনা করে বাঙালি। তবে পাবনায় প্রতিরোধ ছিল অনেকটাই সংগঠিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 07:11 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

পাবনা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের ২৫ মার্চ পাক হানাদাররা যখন বাঙালি নিধন শুরু করে, তখন বিভিন্ন স্থানেই জনতা নিজ থেকেই প্রতিরোধ গড়ে তোলে। কোথাও সংগঠিত আবার কোথাও অসংগঠিতভাবেই পাক হানাদারদের প্রতিরোধে ব্যুহ রচনা করে বাঙালি। তবে পাবনায় প্রতিরোধ ছিল অনেকটাই সংগঠিত। ২৭ মার্চ পাবনার সেনাঘাঁটিতে হামলা চালিয়ে তাদের পর্যুদস্ত করে বীর বাঙালি। এক দিনেই নিহত হয় ২০০ পাক সেনা। ২৫ মার্চের কালরাত্রিতে অন্যান্য স্থানের মতো পাবনায় এসে ঘাঁটি গাঁড়ে পাকিস্তানি সেনারা। সমরাস্ত্রে সজ্জিত ২০০ পাকিস্তানি সেনা অবস্থান নেয় পাবনা শহরের বর্তমান বিসিক শিল্পনগরী এলাকা ও শহরের টেলিফোন এক্সচেঞ্জে। পাকিস্তানি সেনাদের আসার খবর পেয়ে তৎকালীন জেলা প্রশাসক নূরুল কাদের খান সরকারি বাংলো ছেড়ে চলে যান চরে। চরাঞ্চলের মানুষকে সংগঠিত করতে শুরু করেন। তার সঙ্গে যোগ দেন ওই সময়ের ছাত্রনেতা রফিকুল ইসলাম বকুল (পরবর্তীকালে সাংসদ), মোহাম্মদ ইকবাল, বেবী ইসলাম, মকবুল হোসেন সন্টু, আব্দুস সাত্তার লালু, মোহাম্মদ ইসমত, কানা মুন্সী, ভুলু, সেলিম প্রমুখ। হাজারখানেক যুবক-তরুণকে সংগঠিত করেন তারা। ২৭ মার্চ দুপুরে সেই সব যুবক-তরুণ আক্রমণ চালায় পাক সেনাদের ঘাঁটিতে। একনলা কিংবা দোনলা বন্দুক, পিস্তল, লাঠি, ফালা ও সড়কি- যার কাছে যা ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে শত্র"র ওপর। সেদিন সম্মুখ যুদ্ধে পুরোপুরি পর্যুদস্ত হয় পাকিস্তানি বাহিনী। নিহত হয় সবাই। যুদ্ধ শুরুর একদিনের মাথায় শত্র"মুক্ত হয় পাবনা; যদিও তা ছিল সাময়িক। পাবনার এ পরাজয় হিংস্র করে তোলে পাকিস্তানি সেনাদের। ১০ এপ্রিল বিপুল অস্ত্র সম্ভার নিয়ে দুই হাজারেরও বেশি পাকি সেনা ঢোকে পাবনা শহরে। নগরবাড়ী থেকে পাবনা আসার পথে আশপাশের সব বাড়ি-ঘর জ্বালিয়ে দেয় তারা। হত্যা করে শত শত মানুষ। পাবনায় আবার ঘাঁটি গেঁড়ে ঈশ্বরদী, সুজানগর, বেড়া, ফরিদপুর, সাঁথিয়া, চাটমোহর, আটঘরিয়া থানায় চালায় হত্যাযজ্ঞ। ওই সময়ে সংঘটিত হাদল গণহত্যা, সাতবাড়িয়া গণহত্যা, ধুলাউড়ি গণহত্যা, চন্দ্রবতি গণহত্যা, নাজিরপুর গণহত্যা, লক্ষ্মীপুর গণহত্যা পাক বাহিনীর নৃশংসতার সাক্ষ্য বহন করে। তবে এরই মধ্যে সারাদেশে পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে যায়। জুন মাসে মুক্তিবাহিনী ঈশ্বরদী দিয়ে পাবনায় আক্রমণ শানাতে থাকে। বিভিন্ন স্থানেই মুক্তিবাহিনীর সঙ্গে হানাদার বাহিনীর যুদ্ধ চলতে থাকে। সশস্ত্র সংগ্রামের ধারাবাহিকতায় ৫ ডিসেম্বর ফরিদপুর এবং ৬ ডিসেম্বর বেড়া হানাদারমুক্ত হয়। ১৪ ডিসেম্বর মুক্ত হয় সুজানগর, চাটমোহর। একদিন পর পাবনায়ও ঢুকে পড়ে মুক্তিবাহিনী। ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কেন্দ্রীয়ভাবে আত্মসমর্পণ করলেও পাবনার পাকিস্তানি সেনারা মুক্তিবাহিনীর কাছে অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানায়। পরে ১৮ ডিসেম্বর মিত্র বাহিনীর এক জন ভারতীয় কর্মকর্তার উপস্থিতিতে শহরের নূরপুরের ওয়াপদা কলোনিতে পাকবাহিনীর আত্মসমর্পণ পর্ব সম্পন্ন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএ/১২৪৫ ঘ.