২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন অধ্যাপক আসাদুজ্জামান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামানকে শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে শেষ শ্রদ্ধা জানায় সহকর্মী ও শিক্ষার্থীরা। এক সময়ের সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদও ক্যাম্পাসে আসেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 06:37 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামানকে শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে শেষ শ্রদ্ধা জানায় সহকর্মী ও শিক্ষার্থীরা। এক সময়ের সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদও ক্যাম্পাসে আসেন। অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৬০ বছর। বারডেম এর হিমঘর থেকে শনিবার সকাল ১০টায় অধ্যাপক আসাদুজ্জামানের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আনা হয়। সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলেল শ্রদ্ধার মধ্য দিয়ে শেষ বিদায় জানায় তাকে। এ সময় লোক প্রশাসন বিভাগের অনেক শিক্ষার্থী কফিনের সামনে কান্নায় ভেঙে পড়েন। ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের অধ্যাপক আসাদুজ্জামানের দ্বিতীয় জানাজা হয়। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আলী মূর্তজা, স্বাস্থ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ আহমদ, শিক্ষা সচিব মমতাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন। পরে রাষ্ট্রপতি মরহুমের কফিনের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। পরে আসাদুজ্জামানের মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টায় তাকে সমাহিত করা হয়। অধ্যাপক আসাদুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় আগামী সোমবার আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া মাহফিল হবে। অধ্যাপক আসাদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সভাপতি, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন। এছাড়া জাহাঙ্গীরনগর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে তিনি দায়িত্ব পালন করেন। মোহাম্মদ আসাদুজ্জামান ১৯৪৮ সালের ১ নভেম্বর নরসিংদীর শিবপুর থানার খড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী ফাতেমা জামান, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএম/আরএ/এমআই/১২৩৯ ঘ.