২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত

ময়মনসিংহ. নরসিংদী, চট্টগ্রাম ও কুষ্টিয়ায় শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ মারা গেছেন ছয়জন। নরসিংদীতে ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলন্ত মোটর সাইকেল উল্টে আরেক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। কুষ্টিয়ার ভেড়ামারায় বাসের ধাক্কায় মারা গেছেন এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ. নরসিংদী, চট্টগ্রাম ও কুষ্টিয়ায় শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ মারা গেছেন ছয়জন। নরসিংদীতে ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলন্ত মোটর সাইকেল উল্টে আরেক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। কুষ্টিয়ার ভেড়ামারায় বাসের ধাক্কায় মারা গেছেন এক ব্যক্তি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ময়মনসিংহ প্রতিনিধি জানান, জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার এক শিশুসহ ছয় জন নিহত ও চার জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ত্রিশালের রায়মণি গ্রামের রাজ্জাক (৫০), এনামুল (৩০) ও শহীদ (১৫), হালুয়াঘাটের হালিমা খাতুন (১০) ও ঈশ্বরগঞ্জের আব্দুর রহিম (৮০)। অন্যদের পরিচয় জানা যায়নি। জেলার পুলিশ কন্ট্রোল রুম জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড নারায়ণপুর লটকার ব্রিজ নামক স্থানে সকাল ১১টার দিকে ঢাকা থেকে আসা বিআরটিসি'র একটি বাসের ধাক্কায় যাত্রীবাহী নসিমন চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক, এনামুল ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে শহীদ নামে আরও একজনের মৃত্যু হয়। একই সময়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার খারুয়া এলাকায় ম্যাক্সি নামের চার চাকার যানের চাপায় আব্দুর রহিম নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তিনি মারা যান। এদিকে সকাল ১০টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের দর্শা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে হালিমা খাতুন (১০) নামে এক শিশু মারা গেছে। নরসিংদী প্রতিনিধি জানান, ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচরের আমতলীতে শুক্রবার বিকেলে ট্রাক চাপায় সুজ্জাত আলী (৪৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, সুজ্জাত আলী শিবপুর থেকে মোটর সাইকেলে করে নরসিংদী আসার পথে আমতলীতে আসার পর সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর ভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে শিবপুর থানায় মামলা হয়েছে। চট্টগ্রাম অফিস জানায়, রাঙ্গুনিয়া উপজেলায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শুক্রবার সকালে চলন্ত মোটর সাইকেল উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন। নিহতের নাম আলাউদ্দিন (৩৫)। তিনি মোটর সাইকেল চালাচ্ছিলেন। তার বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। আহত মোটর সাইকেল আরোহী হলেন- কামাল হোসেন (৩৬)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাতটার দিকে মোটর সাইকেলে করে আলাউদ্দিন ও কামাল কাপ্তাই থেকে চট্টগ্রাম আসছিলেন। রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা বাস স্ট্যান্ডের অদূরে মোটর সাইকেলটি হঠাৎ উল্টে গেলে দুই আরোহী গুরুতর আহত হন। তিনি জানান, আহত দুইজনকে সকাল সোয়া আটটায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন মৃত বলে জানান। কামালের অবস্থা আশঙ্কাজনক। কুষ্টিয়া প্রতিনিধি জানান, ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকায় শুক্রবার দুপুরে বাসের ধাক্কায় আনসার উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল গ্রামের মৃত এসেম আলীর ছেলে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুল ইসলাম জানান, কুষ্টিয়া-পাবনা মহাসড়কের দশমাইল নামক স্থানে একটি রিকশাভ্যানকে পেছন থেকে বিআরটিসির একটি বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী আনসার মারা যান। ভ্যান চালক আহত হন। বাসটি আটকের চেষ্টা চলছে। তিনি জানান, গুরুতর আহত ভ্যান চালককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/টিএইচ/এমএআর/এমএসবি/২১৫৫ ঘ.