ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর থানা হাজতে বৃহস্পতিবার রাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ বলছে, মনিরুল ইসলাম মশিউর নামে ওই আসামি থানা হাজতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
যশোরের মনিরামপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি মশিউরকে বৃহস্পতিবার বিকালে গাবতলী বাসস্ট্যাড থেকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত দেড়টার দিকে হাজতে গিয়ে লুঙ্গি প্যাঁচানো অবস্থায় মশিউরকে ঝুলে থাকতে দেখি। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, মশিউর মারা গেছেন।"
পুলিশ জানায়, মশিউরের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামে। গত ১৭ মার্চ দায়ের করা একটি হত্যা মামলায় পুলিশ তাকে খুঁজছিল। বৃহস্পতিবার বিকালে মনিরামপুর থানার উপ-পরিদর্শক হারুন-অর-রশীদ গাবতলী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে। রাতে তাকে যশোর নেওয়া সম্ভব নয় বলে মশিউরকে মীরপুর থানা হাজতে রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমআই/১৬৫৯ ঘ.
bdnews24