চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙ্গুনিয়া উপজেলায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শুক্রবার সকালে চলন্ত মোটর সাইকেল উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন।
নিহতের নাম আলাউদ্দিন (৩৫)। তিনি মোটর সাইকেল চালাচ্ছিলেন। তার বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। আহত মোটর সাইকেল আরোহী হলেন- কামাল হোসেন (৩৬)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাতটার দিকে মোটর সাইকেলে করে আলাউদ্দিন ও কামাল কাপ্তাই থেকে চট্টগ্রাম আসছিলেন। রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা বাস স্ট্যান্ডের অদূরে মোটর সাইকেলটি হঠাৎ উল্টে গেলে দুই আরোহী গুরুতর আহত হন।
তিনি জানান, আহত দুইজনকে সকাল সোয়া আটটায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন মৃত বলে জানান। কামালের অবস্থা আশংকাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৬৫২ ঘ.
bdnews24