২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি অধ্যাপক আসাদুজ্জামান আর নেই

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। শনিবার সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। শনিবার সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর পর তার লাশ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ আহমদ। শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, উপ উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী জানাজায় অংশ নেন। জানাজার পর তার মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এর আগে লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাজমূল আহসান কলিমউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে বিশ্ববিদ্যালয়ের ঈসা খাঁ সড়কে বিশ্ববিদ্যালয়ের আবাসিক কোয়ার্টারের বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত বারডেম কার্ডিয়াক সেন্টারে নিয়ে গেলে ১০টায় চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে।" অধ্যাপক কলিমউল্লাহ আরও জানান, বৃহস্পতিবারও অধ্যাপক এম আসাদুজ্জামান নিজের বিভাগে যান। সেখানে বিভাগের সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নিজের কক্ষটি ব্যবহার করতে দেন। অধ্যাপক আসাদুজ্জামান জোট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন। এছাড়াও জাহাঙ্গীরনগর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে তিনি দায়িত্ব পালন করেন। এম আসাদুজ্জামান ১৯৪৮ সালের ১ নভেম্বর নরসিংদীর শিবপুর থানার খড়িয়া গ্রামে জন্মগ্রগ্রহণ করেন। বাবার নাম মৌলভী আবদুল কুদ্দুস এবং মা রোবাইদা বেগম। স্ত্রী ফাতেমা জামান। বড় মেয়ে খাদিজা জামান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুজীব বিজ্ঞানে শিক্ষকতা করছেন। বড় ছেলে আসিফ জামান অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে এবং ছোট ছেলে তৌসিফ জামান তপু 'ও' লেভেল পড়ছেন। খড়িয়া গ্রামেই শিক্ষাজীবন শুরু করেন এম আসাদুজ্জামান। ১৯৬৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন এবং ১৯৬৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র ছিলেন। এর পর নটরডেম কলেজে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপনায় যোগদান করেন। ১৯৭৪ সালে বিয়ে করেন। ২০০৬ সালে একুশে পদন পান তিনি। ওই বছর দেশনেত্রী স্বর্ণপদক, চন্দ্রাবতী পদক, শিল্পাচার্য জয়নুল আবেদীন পদক ও মাইকেল মধুসূদন দত্ত পদকও পান তিনি। এর আগে ২০০২ সালে অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, ২০০৩ সালে জিয়াউর রহমান স্বর্ণপদক এবং ২০০৪ সালে মাদার তেরেসা স্বর্ণপদক লাভ করেন। মৃত্যুর আগে তিনি দেশীয় ও আন্তর্জাতিক ৪৫টি প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং স্থানীয় ও বিদেশী বিভিন্ন জার্নালে তার ৪৬টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। তিনি ২৫টি দেশ ভ্রমন করেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্খীরা তার বাসায় ভিড় জমায়। সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, উপউপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, কোষাধ্যক্ষ সৈয়দ আবুল কালাম আজাদ পৃথক পৃথক বিবৃতিতে অধ্যাপক আসাদুজ্জামনের মৃত্যুতের গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এমইউএ/জেএফ/এমএইচসি/ /এসএম/টিএইচ/জিএনএ/এমএ/১৩৪২ঘ.