২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় শিশুদের হাতে বই তুলে দিতে হবে: তামিম

চৈত্রের খরতাপ উপেক্ষা করে শুক্রবার সকালে চট্টগ্রামের ডিসি হিলে বসেছিল শিশুদের মেলা। শিশুদের কলরবে মুখরিত হয়ে উঠেছিল গাছ গাছালি শোভিত এ প্রাঙ্গণ। নিজেদের উৎসবে নিজেদের মতো করে অংশ নেওয়ার আনন্দে মেতে উঠেছিল সবাই। প্রখর রোদ ও ভ্যাপসা গরমেও ভাটা পড়েনি তাদের উচ্ছাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 09:43 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

চট্টগ্রাম, মার্চ ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চৈত্রের খরতাপ উপেক্ষা করে শুক্রবার সকালে চট্টগ্রামের ডিসি হিলে বসেছিল শিশুদের মেলা। শিশুদের কলরবে মুখরিত হয়ে উঠেছিল গাছ গাছালি শোভিত এ প্রাঙ্গণ। নিজেদের উৎসবে নিজেদের মতো করে অংশ নেওয়ার আনন্দে মেতে উঠেছিল সবাই। প্রখর রোদ ও ভ্যাপসা গরমেও ভাটা পড়েনি তাদের উচ্ছাস। 'সৃষ্টির প্রেরণায় আমরা চলি অবিরাম'- এ স্লোগানকে সামনে রেখে শিশুর মেধাবিকাশ কেন্দ্র 'শিশুদের পাঠশালার' এ আয়োজনের উদ্বোধন করেন শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল। দুইদিন ব্যাপী এই শিশু উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. ম. তামিম। তিনি সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার জন্য শিশুদের সুস্থ সংস্কৃতির চর্চা ও বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। ড. তামিম বলেন, "নতুন প্রজন্মকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করতে প্রকৃত শিক্ষার প্রতি জোর দিতে হবে। পরীক্ষায় নম্বর প্রাপ্তির প্রবণতা থেকে নতুন প্রজন্মের শিশু কিশোরদের রক্ষা করতে হবে। বর্তমানে আকাশ সংস্কৃতির প্রভাবে বাঙালি সংস্কৃতি অনেকটা হারিয়ে যেতে বসেছে। আমাদের নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার জন্য নতুন প্রজন্মের কাছে এসব তুলে ধরতে হবে।" নিজ পরিসরে এ ধরনের চর্চা বাড়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, "বই পড়ার প্রতি বর্তমান প্রজন্ম আগ্রহী নয় বলে আমাদের কাছ থেকে প্রতিনিয়ত মানবিক মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে।" ড. মুহাম্মদ জাফর ইকবাল উদ্বোধনী বক্তব্যে শিশুরা যাতে চিন্তা করতে পারে সে ধরনের প্রবণতা বাড়ানোর আহবান জানান। আর এ জন্য বই পড়ার কোন বিকল্প নেই বলে তিনি শিশুদের হাতে বই তুলে দিতে বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও শিশু উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান ড. গাজী সালেহ উদ্দিন, শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব আলী ইমাম এবং দৈনিক পূর্বকোণের বার্তা সম্পাদক আবু তাহের মুহাম্মদ। উৎসবের প্রথম দিনে পাঁচ শতাধিক শিশু চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও চিকিৎসা ক্যাম্পে অংশ নেয়। প্রথম দিনের এ উৎসবের বিকেলের আয়োজন সাস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা নগরীর বিভিন্ন বিদ্যালয় ও সাংস্কৃতিক সংগঠনের শিশু কিশোররা। দ্বিতীয় দিন রয়েছে জাদু প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমএসবি/১৫৪১ ঘ.