পটুয়াখালী, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধাদের অনৈক্যের কারণেই এতদিন যুদ্ধাপরাধীদের বিচার হয়নি বলে মনে করেন এ কে খন্দকার বীরউত্তম। যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে গোটা জাতি এখন ঐক্যবদ্ধ- এ কথা জানিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত সংগঠনে যুক্ত সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক এ কে খন্দকার শুক্রবার পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে বলেন, "গত ৩৭ বছর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ ছিলেন না বলে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি। বরং এ সুযোগে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছে যুদ্ধাপরাধীরা।"
তিনি বলেন, "পাক হানাদারদের দোসররা একাত্তরে মানুষকে নির্বিচারে মেরেছে, মা-বোনের ওপর নির্যাতন করেছে এবং হাজার হাজার ঘর-বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তাদের বিচারের দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। "
যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক এ কে খন্দকার বলেন, "যুদ্ধাপরাধীদের অপরাধ কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, একাত্তরে তাদের অপরাধ ছিল রাষ্ট্রের বিরুদ্ধে। তাই জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। আর এ উদ্যোগ নিতে হবে সরকারকেই।"
তিনি আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্তও উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধে পটুয়াখালী অঞ্চলের সাব-সেক্টর কমান্ডার হাবিবুর রহমান শওকতের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরামের প্রতিনিধি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশিদ ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদুর রহমান।
অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী শাখা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৫০২ ঘ.
bdnews24