ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত ও শ্রীলঙ্কার ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে দেখা করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সফররত ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভারতীয় ন্যাশনাল ক্যাডেট কোর এর অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল ভি কে ঢাল এবং শ্রীলংকার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেদেশের ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক মেজর জেনারেল জি বি ডব্লিউ জয়াসুন্দারাসহ।
তারা প্রথমে বনানীর নৌবাহিনী সদরদপ্তরে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের সঙ্গে দেখা করেন। এ সময় সহকারী নৌপ্রধান (পার্সোনেল) কমোডর ফরিদ হাবীব উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের সদস্যরা নৌপ্রধানের সঙ্গে কুশল ও পেশাগত বিষয়ে মতবিনিময় করেন।
এনসিসি প্রতিনিধি দলটি এরপর বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এসএম জিয়াউর রহমানের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। তারা বিমান বাহিনী প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেন। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী আনোয়ার উল-ইসলাম দুটি বৈঠকেই উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/২০০২ঘ.
bdnews24