ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সাবেক সেনাকর্মকর্তাদের প্রতিনিধিদলটি বৃহস্পতিবার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছে।
জাদুঘরের ট্রাস্ট্রি সদস্য আক্কু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার পর প্রতিনিধিদলটি আসে। ভারতীয় সাবেক সেনা কর্মকর্তারা মুক্তিযুদ্ধের স্মারক দেখার পাশাপাশি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তারা প্রায় ৪৫ মিনিট জাদুঘরে ছিলেন।
প্রতিনিধি দলের প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকব পরিদর্শন বইয়ে লেখেন, "মহান এক স্বাধীনতার লড়াইয়ে অংশ নেওয়া বাংলাদেশের সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা ও সেনাসদস্যদের ভূমিকা আমাকে এখনও অনুপ্রাণিত করে। আমি বাংলাদেশের জনগণের শুভ কামনা করি।"
১০ সাবেক ভারতীয় সেনা কর্মকর্তাসহ ১৯ সদস্যের প্রতিনিধিদলটি গত মঙ্গলবার রাতে ঢাকায় আসে। দলের সদস্যরা বুধবার স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ গত ২৪ ফেব্র"য়ারি থেকে ১ মার্চ ভারত সফরের সময় মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এমএ/১৮০৯ঘ.
bdnews24