২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য পৌরসভায় মোবাইল নেটওয়ার্ক চালুর সিদ্ধান্ত

পার্বত্য তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পৌরএলাকায় মোবাইলের নেটওয়ার্ক চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বৃহস্পতিবার সকালে রাঙামাটিতে তিন পার্বত্য জেলার সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে মতবিনিময়ের সময় বলেন, "পার্বত্য এলাকায় মোবাইল নেটওয়ার্ক স্থাপন জনগণের দীর্ঘদিনের দাবি। তাই সরকার তিন পার্বত্য জেলার শুধু পৌরএলাকায় মোবাইল নেটওয়ার্ক চালুর সিদ্ধান্ত নিয়েছে।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 11:04 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

রাঙামাটি/বান্দরবান, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পৌরএলাকায় মোবাইলের নেটওয়ার্ক চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বৃহস্পতিবার সকালে রাঙামাটিতে তিন পার্বত্য জেলার সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে মতবিনিময়ের সময় বলেন, "পার্বত্য এলাকায় মোবাইল নেটওয়ার্ক স্থাপন জনগণের দীর্ঘদিনের দাবি। তাই সরকার তিন পার্বত্য জেলার শুধু পৌরএলাকায় মোবাইল নেটওয়ার্ক চালুর সিদ্ধান্ত নিয়েছে।" (আরও তথ্যসহ) রাঙামাটি জেলায় 'উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট' মিলনায়তনে ওই মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা আরো বলেন, "দেশের অন্যান্য অঞ্চলের মতো পার্বত্য অঞ্চলেও শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও রাজনৈতিক অধিকার সমুন্নত রাখতে ১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তি হয়। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।" পার্বত্য অঞ্চলে নাজুক টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ডিজিটাল ব্যবস্থা চালুর আশ্বাস দেন তিনি। ফখরুদ্দীন আহমদ জানান, শান্তিচুক্তি হওয়ার পর গত নয় বছরে পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য এক হাজার দুশ' কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী অর্থবছরেও ২০৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামে জজ আদালত চালুর বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এ জন্য এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে। পার্বত্য অঞ্চলে শান্তিরক্ষায় নিয়োজিত স্থানীয় হেডম্যানদের (গোত্র প্রধান) ভাতা বৃদ্ধিসহ রাঙামাটি ও বান্দরবনে ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত জুমিয়া পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। রাঙামাটির জেলা প্রশাসক নুরুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সেনাপ্রধান মইন উ আহমেদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনের জিওসি মেজর জেনারেল আব্দুর মোমিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামি প্রমুখ উপস্থিত ছিলেন। বান্দরবান প্রতিনিধি জানান, প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রাঙামাটি থেকে বান্দরবানে আসেন। তিনি পর্যটন কেন্দ্র নীলগিরি রিসোর্টে রয়েছেন। প্রধান উপদেষ্টা সন্ধ্যায় আদিবাসী শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বান্দরবান জেলা প্রশাসনের এনডিসি শেখ ছালেহ আহমদ জানান, শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা বান্দরবানের আদিবাসী কাপ্র"পাড়া পরিদর্শন ও আদিবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসএনডি/২১০৯ ঘ.