২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে গিয়াস আল মামুনের ১০ বছরের কারাদণ্ড

অবৈধভাবে ১১১ কোটি টাকার সম্পদের মালিক হওয়ার দায়ে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করায় তার স্ত্রী শাহীনা ইয়াসমিনকেও তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 06:43 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ১১১ কোটি টাকার সম্পদের মালিক হওয়ার দায়ে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করায় তার স্ত্রী শাহীনা ইয়াসমিনকেও তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী। এ নিয়ে মামুনের বিরুদ্ধে তিনটি মামলায় ২৩ বছরের সাজা হলো। এর আগে নির্ধারিত সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় তিন বছর এবং অবৈধ অস্ত্র রাখার দায়ে আরেকটি মামলায় ১০ বছর কারাদণ্ড হয় তার। বৃহস্পতিবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম এ রায় দেন। এছাড়াও রায়ে মামুনের অবৈধভাবে অর্জিত সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় আদালত। গত বছর ৮ মে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলাটি দায়ের করেন। কমিশনের তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়, মামুন ও তার স্ত্রী অবৈধভাবে ১১০ কোটি ৯৬ লাখ সাত হাজার টাকার সম্পত্তির মালিক হয়েছেন। গত ২১ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করা হয় এবং ২৩ জানুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ২৩ মার্চ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক রায় দেওয়ার এ দিন ধার্য করেন। মামুন বর্তমানে কারাগারে আটক থাকলেও তার স্ত্রী পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১২৩৩ ঘ.