ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মহানগর পুলিশের চিঠির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। ২৭ মার্চ বুধবার এ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন অনুষ্ঠানের ২৪ ঘণ্টারও কম সময় বাকি থাকতে তা পিছিয়ে ১২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
শিক্ষক সমিতি অভিযোগ করেছে, সরকার চাপ সৃষ্টি করে নির্বাচন পেছাতে বাধ্য করেছে। স্বাধীনতার ৩৬ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটেছে।
বুধবার শিক্ষক সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন অভিযোগ করেন, "নির্বাচন পেছানোর জন্য চাপ দিতে যৌথবাহিনীর সদস্যরা ২৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন পরিচালক অধ্যাপক ডালেম চন্দ্র বর্মনের বাসায় গিয়েছিলেন। তারা সেখানে একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন। কার্যনির্বাহী পরিষদ সরকারের এ ধরনের আচরণেরও তীব্র নিন্দা জানিয়েছে ও ক্ষোভ প্রকাশ করছে।"
তিনি জানান, নির্বাচনের ১৮ ঘণ্টা আগে বুধবার বিকেল ৪টায় ঢাকা মহানগর পুলিশের একটি চিঠি সমিতির কার্যালয়ে পৌঁছায়। ওই চিঠিতে নির্বাচন স্থগিত করে কমপক্ষে ১৫ দিন পর নতুন দিন-তারিখ নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। সরকারের এ অনুরোধের প্রতি সম্মান রেখে নির্বাচন পিছিয়ে আগামী ১২ এপ্রিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে কার্যনির্বাহী পরিষদ।
পরে অধ্যাপক আনোয়ার হোসন স্বাক্ষরিত শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতেও একই তথ্য জানানো হয়।
নির্বাচন পেছানোর প্রেক্ষাপট তুলে ধরে সংবাদ সম্মেলনে অধ্যাপক আনোয়ার বলেন, গত ৯ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। জবাব না পাওয়ায় ২১ জানুয়ারি তাগাদা দিয়ে আরেকটি চিঠি দেওয়া হয়। সেই চিঠিরই জবাব দেওয়া হয়েছে ২৬ মার্চ, নির্বাচনের ১৮ ঘণ্টা আগে। চিঠিতে বলা হয়েছে, ৯ ও ২১ জানুয়ারি শিক্ষক সমিতির পাঠানো চিঠিতে নির্বাচনের কোনও সুনির্দিষ্ট তারিখ ছিল না। তাই ২৭ মার্চের নির্বাচন স্থগিত করে কমপক্ষে ১৫ দিন পরে নতুন তারিখ দিয়ে আবারও আবেদন করতে হবে।
আগের রাতের ঘটনার বর্ণনায় তিনি বলেন, "২৫ মার্চ রাত দেড়টার দিকে যৌথ বাহিনীর চার সদস্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মনের বাসায় যান। তারা অধ্যাপক ডালেমকে প্রধান নির্বাচন পরিচালকের পদ থেকে পদত্যাগ অথবা নির্বাচন স্থগিত করার জন্য চাপ দেন। ডালেম তাদের জানান নির্বাচন স্থগিত করার ক্ষমতা তার নেই। তিনি পদত্যাগ করলেও নির্বাচন হবে। নির্বাচন স্থগিত করার একমাত্র ক্ষমতা কার্যনির্বাহী পরিষদের। যৌথবাহিনীর সদস্যরা তার বাসায় দীর্ঘক্ষণ অবস্থান করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।"
শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক হারুন অর রশীদ বলেন, "স্বাধীনতার পর ৩৬ বছরের ইতিহাসে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনের ওপর সরকার এরকম নগ্নভাবে হস্তক্ষেপ করলো। এর আগে সব সময়ই শিক্ষক সমিতির নির্বাচন নিয়মানুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে হয়ে আসছে। আমরা সরকারের অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন ১৫ দিন পিছিয়েছি।"
কার্যনির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন। সংবাদে সম্মেলনে তিনিসহ উপস্থিত ছিলেন তাজমেরি এস ইসলাম, অধ্যাপক জিএম চৌধুরী, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক হারুন অর রশীদ, অধ্যাপক আখতারুজ্জামান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এমএইচবি/২২২৬ ঘ.
bdnews24