ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগসহ ১৪ দল এবং জামায়াতে ইসলামীর নেতারা অংশ নেয়নি। শুধু বিএনপির সাইফুর রহমানের নেতৃত্বাধীন অংশ এবং জাতীয় পার্টিসহ ক্ষুদ্র কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এতে যোগ দেন।
বুধবার বিকেলে বঙ্গভবনের এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ ও স্ত্রী অধ্যাপিকা আনোয়ারা বেগম আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের স্ত্রী নিনা আহমদ উপস্থিত ছিলেন। ছিলেন তিন বাহিনীর প্রধানও।
আওয়ামী লীগ আগেই জানিয়ে দেয়, তারা বঙ্গভবনের সংবধনা অনুষ্ঠান বর্জন করবে।
অন্যদিকে শীর্ষ দ্ইু নেতাকে আমন্ত্রণ না জানানোয় জামায়াত যায়নি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমাদের পার্টির আমির ও সেক্রেটারি জেনারেল আমন্ত্রণ পাননি বলে আমরা কেউই অনুষ্ঠানে যাইনি।''
রাজনীতিকদের মধ্যে অনুষ্ঠানে যোগ দেন বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ড. আবদুল মঈন খান, জাসদের আ স ম আবদুর রব, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের ফেরদৌস আহমেদ কোরেশি, ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন নিলু, ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা আহমেদুল্লাহ আশরাফ প্রমুখ।
এ ছাড়া স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ সিদ্দিকী, প্রধান বিচারপতি মো. রুহুল আমীন, সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানসহ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২০৩৭ ঘ.
bdnews24