ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি চার ভিআইপি ব্যারিস্টার নাজমুল হুদা, আলতাফ হোসেন চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মহিউদ্দিন খান আলমগীর আগামী তিন মাস ডিভিশন সুবিধা পাবেন না।
অনুমোদন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করায় তাদের এ শাস্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। একই অপরাধে আরেক বন্দি সিগমা হুদার সঙ্গে আত্মীয়দের দেখা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নাজমুল হুদা ও আলতাফ হোসেন চৌধুরী এখন নারায়ণগঞ্জ কারাগারে, সালাউদ্দিন কাদের চৌধুরী বগুড়ায়, মহিউদ্দিন খান আলমগীর কাশিমপুর ও সিগমা হুদা ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিগমা হুদা ছাড়া বাকি চারজন ডিভিশনপ্রাপ্ত। সিগমা হুদার ক্ষেত্রে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে। জেল কোড অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি।"
তিনি জানান, মঙ্গলবার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বুধবার এ সংক্রান্ত আদেশ সংশ্লিষ্ট কারাগারগুলোতে পৌঁছে গেছে।
ডিভিশনের কারণে এই চার বন্দি ছোট চৌকি, পত্রিকাসহ কিছু সুযোগ-সুবিধা পেতেন। কিন্তু এখন থেকে তারা সাধারণ বন্দিদের মতো মেঝেতে কম্বল বিছিয়ে শোবেন।
সামসুল হায়দার ছিদ্দিকী জানান, আরও কয়েকজনের বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে মঙ্গলবার ছয় জনকে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে ডিভিশন বাতিলসহ তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসএনডি/এমএইচবি/১৯১৩ ঘ.
bdnews24