ঢাকা মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম শ্রেণীতে নিবন্ধন করা শিক্ষার্থীদের প্রায় অর্ধেক বিভিন্ন কারণে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে পারছে না। গত কয়েক বছরে পরীক্ষার্থী সংখ্যা ও নবম শ্রেণীতে নাম নিবন্ধনের তুলনা করে এমন প্রবণতা দেখা গেছে।
এবারও সাতটি শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডে নবম শ্রেণীতে নিবন্ধিত ১২ লাখ ৫৯ হাজার ১০৫ জন নিয়মিত শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছে ৬ লাখ ৫২ হাজার ৮৯৯ জন। অর্থাৎ ছয় লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না।
সাতটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০০৮ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা।
বুধবার দুপুরে ঢাকা বোর্ডে এক সংবাদ সম্মেলনে শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্রের বরাত দিয়ে জানানো হয়, নিয়মিত শিক্ষার্থীর মধ্যে ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ঢাকা বোর্ডে দুই লাখ ৯৪ হাজার ৭৬০ শিক্ষার্থী নাম নিবন্ধন করলেও এবার পরীক্ষা দিচ্ছে এক লাখ ৩৫ হাজার ২৮১ জন।
অন্যদিকে, রাজশাহী বোর্ডে নিবন্ধিত দুই লাখ ১৬ হাজার ৫৯৩ শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৩২ হাজার ৪৯৬ জন, কুমিল্লা বোর্ডে এক লাখ ১৬ হাজার ৯৪১ জনের মধ্যে ৪৭ হাজার ৬২৪ জন, যশোরে এক লাখ ৩১ হাজার ৬৩১ জনের মধ্যে ৬৬ হাজার ৩০২ জন, চট্টগ্রামে ৭১ হাজার ৫৭৭ শিক্ষার্থীর মধ্যে ৩৪ হাজার ৫৫৫ জন, বরিশালে ৫৪ হাজার ৫৮৩ জনের মধ্যে ২৮ হাজার ৭৩৯ জন ও সিলেট বোর্ডে ৪৩ হাজার ৯৮৭ শিক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৫৪৬ জন এসএসসি পরীক্ষা দিচ্ছে।
এছাড়া, মাদ্রাসা বোর্ডে নিয়মিত দুই লাখ ২৬ হাজার ৮৭৮ জন নিবন্ধন করে পরীক্ষা দিচ্ছে এক লাখ ৩৯ হাজার ১৫৩ জন। আর কারিগরি বোর্ডে (এসএসসি ভোকেশনাল) নিবন্ধিত এক লাখ দুই হাজার ১৫৫ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছে ৫২ হাজার ২০৩ জন।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার ঢাকা বোর্ডেই নবম শ্রেণীতে নিবন্ধিত মোট শিক্ষার্থীর ৫৪ দশমিক ১০ শতাংশ এসএসসি পরীক্ষা দিচ্ছে না। ২০০৭ সালে এই বোর্ডে পরীক্ষা না দেওয়া শিক্ষার্থীর হার ৫৩ দশমিক ১৯ শতাংশ এবং ২০০৬ সালে ছিল ৫৭ দশমিক ২২ শতাংশ।"
এর কারণ জানিয়ে অধ্যাপক মনিরুল ইসলাম বলেন, "নিবন্ধিতদের মধ্যে ১২ শতাংশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চলে গেছে, কারিগরিতে গেছে আট শতাংশ, ভুয়া নিবন্ধন হয়েছিল আট শতাংশ, দারিদ্র্য ও মৃত্যুর কারণে পাঁচ শতাংশ, বিদেশে চলে গেছে পাঁচ শতাংশ, নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে পদোন্নতি পায়নি সাত শতাংশ, নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়নি পাঁচ শতাংশ এবং চার শতাংশ মেয়ের অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে তারা ড্রপ আউট হয়েছে।"
এই পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট মো. মঞ্জুরুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিবন্ধিতদের মধ্যে যারা পরীক্ষা দিচ্ছে না তাদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। ঢাকা শিক্ষা বোর্ডের পরিসংখ্যানটি থেকেই দেশের সবগুলো বোর্ডে নিবন্ধিতদের পরীক্ষায় অংশ না নেওয়ার প্রবণতা সম্পর্কে একটি ধারণা পাওয়া যেতে পারে।"
নিয়মিত ও অনিয়মিত মিলে এ বছর সারাদেশে সাতটি শিক্ষা বোর্ড, একটি কারিগরি বোর্ড এবং একটি মাদ্রাসা বোর্ডের অধীনে ২৫ হাজার ৮০৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ লাখ ১৩ হাজার ৩০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
ঢাকা বোর্ড চেয়ারম্যান জানান, বোর্ডের পরীক্ষায় (এসএসসি ও এইচএসসি) একবার অংশ নিয়ে যারা উত্তীর্ণ হয়নি পরে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদের আর নির্বাচনী পরীক্ষার মুখোমুখি হতে হবে না। এ বিষয়ে শিগগিরই নীতিমালা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এমএ/১৬৫১ঘ.
bdnews24