ঢাকা ২৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--২৫শে মার্চের ভয়াবহ কালরাত্রির পর ঢাকা ২৬ তারিখও সারাদিন কেঁপেছে পাকিস্তানী সেনাবাহিনীর মেশিনগান ও কামানসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্রের গর্জনে। শহরের জায়গায় জায়গায় আগুন লাগানো হয়।
দলে দলে লোক পালাতে থাকে ঢাকা ছেড়ে। শহরটি তখন মোটের ওপর এক আতঙ্কপীড়িত ভুতুড়ে জনপদ। ঢাকা এবং বেশ কয়েকটি শহরে সান্ধ্য আইন জারি করা হয়।
ইয়াহিয়া খান গণহত্যা শুরুর নির্দেশ দিয়ে আগের দিনই গোপনে করাচী ফিরে গেলেও ২৬ তারিখ বেলা বারোটা পর্যন্ত ঢাকা রেডিওতে এ খবর বলা হয়নি। সকালে অল ইন্ডিয়া রেডিওতে নিশ্চিত করে বলা হয়, ইয়াহিয়া ২৫ মার্চ রাতে করাচী ফিরে গেছেন।
পাকিস্তানের রেডিওতে ঢাকার গণহত্যার কোনো আভাসমাত্র না দিয়ে শুধু বলা হয়, পরিস্থিতি 'আয়ত্তে এসেছে'। ঢাকা রেডিওতে এদিন কেবল করাচীর খবর রিলে করা হয়। প্রচার করা হয় টিক্কা খানের সামরিক আইনের নির্দেশ। অবাঙালি কর্মীরা উর্দু ও ইংরেজিতে ঘোষণা করে।
টিক্কা খান সামরিক নির্দেশ জারি করে সংবাদপত্র, রেডিও ও টিভির সংবাদ প্রচারের ওপর সেন্সরশিপ আরোপ করলেন। রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হলো। সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মচারিদের শনিবার সকাল ১০টায় কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
রাত আটটায় এক বেতার ভাষণে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান শাসনতান্ত্রিক সংকটের যাবতীয় দায়িত্ব বাঙালিদের নেতা বঙ্গবন্ধুর ওপর চাপিয়ে তাকে 'পাকিস্তানের শত্র"''ঘোষণা করেন। আওয়ামী লীগকে বেআইনী ঘোষণা করলেন তিনি ।
এদিকে পঁচিশে মার্চ মধ্যরাতে ঢাকায় পাক সেনাদের তাণ্ডব শুরু হওয়ার পর বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নানকে যে বার্তা পাঠিয়ে ছিলেন ২৬ তারিখ দুপুরে তা চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে পাঠ করা হলো। সন্ধ্যায় এম এ হান্নান তা আবার পড়লেন চট্টগ্রামেরই কালুরঘাটে সদ্য প্রতিষ্ঠিত 'স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র' থেকে। তাৎক্ষণিকভাবে দেওয়া এ নাম থেকে পরে 'বিপ্লবী' শব্দটি বাদ দেওয়া হয়। ক্রমে দেশবাসী জানতে পারে স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই শুরু হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৩০৭ঘ.
bdnews24