ঢাকা, ২৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করছে বাংলাদেশ। জাতি স্মরণ করছে মুক্তিযুদ্ধের বীর শহীদদের।
৩৭ বছর আগে এই দিনে পাকিস্তানী দখলদার বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল পূর্ব পাকিস্তানের মানুষ।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভোর থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে স্বাধীনতাযুদ্ধের মহান শহীদদের। জাতীয় প্যারেড স্কোয়ারে হচ্ছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। এ ছাড়া দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে নানা অনুষ্ঠান।
জরুরি অবস্থার মধ্যে ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে পালিত হচ্ছে এবারের স্বাধীনতা দিবস। এমন সময়ে এবারের দিবসটি উদযাপিত হচ্ছে যখন কিনা দেশের মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের। একই সঙ্গে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতেও এবার নতুন করে সোচ্চার হয়েছে এ দেশের মানুষ।
১৯৭১ সালের ২৫ শে মার্চের কালরাত্রিতে ঢাকায় জঘন্য গণহত্যা চালিয়ে পাকিস্তানী সেনাবাহিনী বাংলার মানুষের স্বাধিকারের দাবিকে চিরতরে স্তদ্ধ করে দিতে চাইলেও পারেনি। সেই রাতে এই ভূখন্ডের মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রেপ্তার হওয়ার আগেই পরিস্থিতি বুঝতে পেরে স্বাধীনতা ঘোষণার বার্তা পৌঁছে দেন।
২৬ শে মার্চ চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান বেতারে পাঠ করেন পাকিস্তানী দুঃশাসনের শেকল ছেঁড়ার সেই অমর ঘোষণা। ২৭ মার্চ মেজর জিয়াউর রহমান সেই ঘোষণা আবার পাঠ করলে একজন সেনা কর্মকর্তার কণ্ঠে স্বাধীনতা যুদ্ধ শুরুর কথা জেনে সাহস ফিরে পায় আকস্মিক গণহত্যায় হতচকিত জাতি। শুরু হয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি।
সশস্ত্র মুক্তিযুদ্ধ নয় মাসের হলেও বাংলাদেশের স্বাধীনতার পেছনে রয়েছে আন্দোলন সংগ্রামের দীর্ঘ ইতিহাস। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভাগ হওয়ার পর পাকিস্তানের একটি অংশ হয়ে পূর্ব পাকিস্তান হিসাবে পরিচিতি পায় এ ভূখণ্ড। এ রাষ্ট্রের অংশ হিসেবে পূর্ব পাকিস্তানের ২৩ বছরের ইতিহাস ছিল অর্থনৈতিক, রাজনৈতিক আর সাংস্কৃতিক শোষণ ও আধিপত্যে পিষ্ট হওয়ার ইতিহাস। পাকিস্তান সৃষ্টির পাঁচ বছরের মধ্যেই ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তানের আধিপত্যবাদের প্রথম প্রকাশ দেখে এ ভূখণ্ডের জনগোষ্ঠী। ভাষার প্রশ্নে সূচিত হওয়া প্রথম সংগ্রাম কালক্রমে স্বায়ত্তশাসনের আন্দোলন পেরিয়ে ১৯৭১ এ স্বাধীনতার দাবিতে পরিণত হয়।
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে এ ভূখণ্ডের মানুষের অকুণ্ঠ আস্থা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর না করে ২৫ মার্চ রাতে ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যার পথ বেছে নিলে পাকিস্তান থেকে এ অংশের বিচ্ছিন্নতা অনিবার্য হয়ে ওঠে।
এবার স্বাধীনতা দিবস পালিত হচ্ছে একটু ভিন্ন আঙ্গিকে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে স্বাধীনতার সপক্ষের মানুষ সরব হয়েছেন দখলদার বাহিনীকে সহায়তাকারী এদেশেরই রাজাকার, আলবদর, আল শামসসহ সকল যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে। বিশেষ করে এই প্রথমবারের মতো কঠিন ঐক্য গড়ে এ ব্যাপারে জোরদার আন্দোলন গড়ে তুলেছেন একাত্তরের রণাঙ্গণের নেতৃত্ব দেওয়া সেক্টর কমাণ্ডাররা। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং সরকারকে 'সহায়তা করে যাওয়া' সেনাবাহিনীর প্রধান যুদ্ধাপরাধীর বিচারের বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করায় আশায় বুক বেঁধেছেন তারা।
অনুষ্ঠান ও কর্মসূচি
স্বাধীনতা দিবস উপলক্ষে বরাবরের মতোই নেওয়া হয়েছে রাষ্ট্রীয় ও বেসরকারী পর্যায়ে অসংখ্য কর্মসূচি। সকালে জাতীয় প্যারেড স্কয়ারে শুরু হয় সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। এতে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিডিআর, কোস্ট গার্ড, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ছাড়াও ন্যাশনাল ক্যাডেট কোর ও রোভার স্কাউট সদস্যরা অংশ নিচ্ছে।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহমেদ এতে সালাম নিচ্ছেন।
বুধবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সকাল পাঁচটা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। এর পরপরই প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন, স্পিকার জমিরউদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধাদের। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা এবং একে একে সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে ফুলের তোড়া হাতে সমবেত হয়ে শ্রদ্ধা জানাচ্ছে। স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল।
সকালে তেজগাঁও বিমান বন্দরে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিনটিকে স্বাগত জানানো হয়। বিকালে বঙ্গভবনে রয়েছে রাষ্ট্রপতির সংবর্ধনা। এতে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষক,বুদ্ধিজীবী, পেশাজীবীসহ সরকারি ও বেসরকারি এবং সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন এবং সকাল ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সংস্কারপন্থী বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও জেড এ খান এবং খোন্দকার দেলোয়ারপন্থী বিএনপি নেতা ড. আর এ গনি ও হান্নান শাহ'র নেতৃত্বে নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে সাভার স্মৃতিসৌধে পুস্তবক অর্পণ করেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কের দুই পাশ জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা ওড়ানো হচ্ছে। লাল-সবুজ পতাকা উড়ছে অনেক সাধারণ বাড়িঘর, যানবাহন আর দোকানেও। জাতীয় দৈনিকগুলো বিশেষ সংখ্যা প্রকাশ এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি বেতার ও টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান স
bdnews24