ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি সরকার গৃহ ও কৃষিকাজে সাময়িকভাবে বাংলাদেশীদের নেওয়া বন্ধ করার কথা স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।
মঙ্গলবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি জানতে পেরেছি সৌদি সরকার ঘরোয়া ও কৃষি কাজে বাংলাদেশীদের নেওয়া বন্ধ করেছে। তবে তা সাময়িক।"
প্রতি মাসেই বাংলাদেশী শ্রমিকরা সৌদি আরব যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে আরও বাংলাদেশী কর্মীদের কাজের সুযোগ তৈরি হচ্ছে। "বাংলাদেশী কর্মীদের দক্ষতা কিছুটা বাড়াতে পারলে সৌদি সরকার আরও বেশি কর্মী নেবে।"
ইফতেখার আহমেদ বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে শিগগিরই নির্মাণ শিল্পের ওপর প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। দক্ষতা বাড়াতে না পারলে অন্যান্য দেশের কর্মীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে না বাংলাদেশীরা।"
সৌদি দূতাবাসের হিসাবে বর্তমানে সৌদি আরবে বাংলাদেশীদের সংখ্যা ১৭ লাখ ৬৫ হাজার। গত বছর দুই লাখ ২০ হাজার বাংলাদেশী কর্মী সৌদি আরব গিয়েছে।
রোববার সৌদি শ্রমমন্ত্রী ঘাজি আল-কিউসিবির বরাত দিয়ে সরকারি মালিকানাধীন সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, গৃহ ও কৃষি কাজে বাংলাদেশী কর্মী নেবে না সৌদি সরকার। বিভিন্ন দেশের শ্রমিকদের সংখ্যার সামঞ্জস্য রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২৩১৩ ঘ.
bdnews24