২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি চাঁদাবাজির মামলায় শাহজাহান চৌধুরীর ১১ সহযোগী কারাগারে

দুটি পৃথক চাঁদাবাজির মামলায় সাতকানিয়ার সাবেক সাংসদ ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ১১ সহযোগীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

চট্টগ্রাম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি পৃথক চাঁদাবাজির মামলায় সাতকানিয়ার সাবেক সাংসদ ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ১১ সহযোগীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা বিচারিক হাকিম আবদুল্লাহ আল মামুন এ নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদাবাজি মামলায় অভিযুক্ত সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর আহমদসহ ১১ আসামি আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোজাফ্ফর ছাড়া অপর আসামিরা হলেন- ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, জামায়াত সদস্য নেজাম উদ্দিন, ওসমান গনি, আফসার, আহমদ মিয়া, জাফর উল্লাহ, মকবুল আহমদ, শামসুল আলম, আবদুল আওয়াল, নুরুল আলম। অ্যাডভোকেট এনামুল হক জানান, চাঁদাবাজির মামলা দুটির অভিযোগপত্রে এই ১১ আসামিসহ শাহজাহান চৌধুরী ও উপজেলা জামায়াতের আমির ডা. নুরুল হকসহ ৩৬ আসামিকে অভিযুক্ত করা হয়। ১৩ মার্চ জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই দুটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। তিনি বলেন, ২০০৭ সালের ১৪ মে দায়ের করা মামলা দুটিতে ওই ১১ আসামি অভিযোগপত্র দাখিলের আগ পর্যন্ত হাইকোর্ট থেকে অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন। অর্ন্তবর্তীকালীন জামিন শেষে মঙ্গলবার আদালতে হাজির হয়ে আবার জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন। তিন লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মির্জাখিলের জামাল উদ্দিন গত বছরের ১৪ মে শাহজাহান চৌধুরীসহ ৪২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে এ মামলায় ২০ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। এক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মির্জাখিলের নুর আহমদের করা অপর এক মামলায় শাহজাহান চৌধুরীসহ ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। এজাহারে এ মামলায়ও ৪২ জন আসামি ছিলেন। শাহজাহান চৌধুরী ও ডা. নুরুল হক অন্য মামলায় আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমএসবি/২২০৮ ঘ.