২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবিধি ভাঙায় ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন

কারাবিধি ভেঙে এজলাস ও বারান্দায় আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলার কারণে ইয়াবা ব্যবসায়ী আমিন হুদা ও তার সহযোগীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহিদুল ইসলাম সরদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবিধি ভেঙে এজলাস ও বারান্দায় আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলার কারণে ইয়াবা ব্যবসায়ী আমিন হুদা ও তার সহযোগীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহিদুল ইসলাম সরদার। মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. ইসরাইল হোসেনের আদালতে তিনি এ আবেদন করেন। নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ব্যবসার অভিযোগে তিনটি মামলার শুনানির জন্য মঙ্গলবার আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক হাসানকে কারাগার থেকে আদালতে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আমিন হুদাকে এজলাস ও বারান্দায় হাতকড়া ছাড়া মুক্তভাবে চলাফেরা করতে দেখা গেছে। দুই আসামি আদালতে উপস্থিতদের দামি খাবার বিতরণ করেন বলেও অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহিদুল ইসলাম সরদার বলেন, বহুল আলোচিত মামলাগুলোর প্রভাবশালী আসামিরা এজলাস ও আদালতকে বাড়িঘর বানিয়ে ফেলেছেন। এতে বিচারের পরিবেশ বিপন্ন হয়ে পড়েছে। বিচারক মো. ইসরাইল হোসেন শুনানি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। গত বছরের ২৫ অক্টোবর গভীর রাতে র‌্যাব- ১ এর একটি দল আমিন হুদার গুলশানের কার্যালয় ও বাসা থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৮ বোতল ফেনসিডিল ও বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য আইনে তিনটি মামলা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/২১২০ ঘ.