ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক সাইসমিক অনুসন্ধানের কারণে পরিবেশের কোনো ক্ষতি হবে না, দাবি করেছেন শেভরন বাংলাদেশ এর প্রেসিডেন্ট স্টিভ উইলসন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ত্রিমাত্রিক অনুসন্ধান করতে গিয়ে বনের গাছ কাটার প্রয়োজন হবে না। বড় কোনো গর্তও করতে হবে না। যা হবে তা মাটির অনেক নিচে। এতে ওপরে তেমন কোনো শব্দ হবে না। পরিবেশেরও ক্ষতি হবে না।
বনের সংরক্ষিত এলাকায় কোন কাজ হবে না জানিয়ে স্টিভ উইলসন বলেন, "পরিবেশের কথা মাথায় রেখে সব কাজ হচ্ছে। বনাঞ্চলকে তিনভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো- 'রেড জোন (একেবারে সংরক্ষিত এলাকা), ইয়েলো জোন (অল্প সাবধানতার এলাকা) ও গ্রিন জোন' (কম স্পর্শকাতর এলাকা)। এরমধ্যে রেড জোনে কোনো কাজই করা হবে না।"
মৌলভীবাজার গ্যাসক্ষেত্রে জানুয়ারি থেকে অনুসন্ধান চালাচ্ছে শেভরন। পেট্রোবাংলাও এ অনুসন্ধানে জড়িত। জুন মাসে অনুসন্ধান কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে গ্যাসক্ষেত্রের মধ্যে থাকা সংরক্ষিত লাউয়াছড়া বনের ক্ষতি হবে আশঙ্কায় বেশ কয়েকটি সংগঠন সেখানে গ্যাস অনুসন্ধান বা উত্তোলনের কাজ বন্ধের দাবি করছে।
শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, পরিবেশের ক্ষতি এড়াতে কমিটিতে পেট্রোবাংলা, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, শেভরণ ও বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ রাখা হয়েছে। এছাড়া সেখানে প্রাণী, গাছপালা ও পরিবেশ বিশেষজ্ঞও রাখা হবে। নতুন কোনো কর্মসূচি নেওয়ার আগে এ কমিটির পরামর্শ নেবে কর্তৃপক্ষ।
গ্যাস অনুসন্ধানে এলাকার স্থানীয়রা কোনো সমস্যা করছে না দাবি করে তিনি বলেন, "মৌলভীবাজারের বাইরের অনেকে এর বিরোধিতা করছে। সেখানে গ্যাস পাওয়া গেলে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।"
তিনি জানান, মৌলভীবাজারের গ্যাসক্ষেত্রের মজুদ এখনো জানা যায়নি। ত্রি-মাত্রিক অনুসন্ধান থেকে মজুদ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে জাননো হয়, আনুমানিক প্রায় ১৫২ বর্গ কিলোমিটার জুড়ে ত্রি-মাত্রিক (থ্রিডি সাইসমিক সার্ভে) অনুসন্ধান চালানো হবে। স্থানীয়দের এ জন্য সরে যেতে হবে না। অনুসন্ধানের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/২১১১ ঘ.
bdnews24