মৌলভীবাজার, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাগুয়া উৎসব বোনাস থেকে টাকা কেটে রাখার প্রতিবাদে মঙ্গলবার কমলগঞ্জ উপজেলার ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন কুরমা চা বাগানের প্রায় চৌদ্দ'শ চা শ্রমিক কর্মবিরতি পালন করেছেন। শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করলেও বিকেলে তা প্রত্যাহার করা হয়।
কুরমা চা বাগান পঞ্চায়েত সভাপতি রামদরশ পাশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফাগুয়া উৎসবে চা শ্রমিকদের প্রত্যেকে আড়াইশ' টাকা করে পাওয়ার কথা থাকলেও বুধবার তাদের ১৮৭ টাকা করে উৎসব বোনাস দেওয়া হয়। এরই প্রতিবাদে কুরমা চা বাগানের নয়শ' ও পাশ্ববর্তী বাঘাছড়া চা বাগানের পাঁচশ' শ্রমিক সকাল ৮টা থেকে কর্মবিরতি পালন শুরু করেন। অবশ্য দুপুরের পর বাঘাছড়া চা বাগানের পাঁচশ' শ্রমিক কাজে যোগ দেন।
কর্মবিরতির বিষয়টি স্বীকার করে কুরমা চা বাগান ব্যবস্থাপক মো. সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাগান কর্তৃপক্ষের অনুরোধে বাঘাছড়া চা বাগানের পাঁচশ' শ্রমিক কাজে যোগ দিলেও কুরমা চা বাগানের নয়শ' শ্রমিক কাজে ফেরেননি।
বিকালে শ্রমিক নেতারাদের সঙ্গে আলোচনার পর উদ্ভূত সমস্যা নিরসন করা হয়েছে বলে কুরমা চা বাগান ব্যবস্থাপক জানান।
চা বাগান পঞ্চায়েত সভাপতি রামদরশ পাশি সন্ধ্যায় বলেন, "দীর্ঘদিন থেকে আমরা চা শ্রমিকরা ঠিকমতো তলব রেশন (সাপ্তাহিক মজুরীর সঙ্গে দেওয়া রেশন) পাচ্ছি না। উপরন্তু ফাগুয়া উৎসবের বোনাস থেকে টাকা কাটা হয়েছে। ছাহেব আজকাল করতে করতে পাঁচদিন পার করেন।"
সমঝোতা বৈঠকে চা বাগান কর্তৃপক্ষ উৎসব বোনাসের জনপ্রতি বাকি উনসত্তর টাকা ও সাপ্তাহিক রেশনের সাড়ে তিনকেজি চাল দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়।
আগামী রোববার বন্ধের দিনেও কাজ করে কর্মবিরতির ক্ষতি চা শ্রমিকরা পুষিয়ে দিবে বলে রামদরশ পাশি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৫ ঘ.
bdnews24