বাগেরহাট, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিধি উপেক্ষা করে 'প্রবলেম ব্যাংক' তালিকাভুক্ত ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেডের খুলনা শাখায় চার কোটি ৬০ লাখ টাকা লগ্নি করার অভিযোগে মংলা বন্দরের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার মংলা বন্দরের চেয়ারম্যান আশরাফ মোহম্মদ ইকবাল তাদের সাময়িক বরখাস্ত করেন।
বরখাস্তকৃতরা হলেন- বন্দরের হিসাব রক্ষণ কর্মকর্তা সৈয়দ রকিবুল হোসেন ও উপ-প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা খুরশীদ হোসেন।
মংলা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিবেদনে বন্দরের আরও তিনজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়েছে। তবে তাদের মধ্যে দু'জন অবসরপূর্ব ছুটি (এলপিআরে) এবং একজন চট্টগ্রাম বন্দরে কর্মরত থাকায় তাদের বিরুদ্ধে আপাতত কোন ব্যবস্থা নেওয়া যায়নি। এরা হলেন যথাক্রমে মংলা বন্দরের সাবেক মেম্বর ইঞ্জিনিয়ারিং রুহুল আমিন শেখ, সাবেক মেম্বর ফিন্যান্স মোশাররফ হোসেন ও চট্টগ্রাম বন্দরের বর্তমান মেম্বর প্রকৌশল ও উন্নয়ন এএইচএম তৈয়ব।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অভিযুক্তরা বিধি উপেক্ষা করে ২০০৪-০৫ অর্থবছরে বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংক কর্তৃক 'প্রবলেম ব্যাংক' হিসেবে চিহ্নিত ওরিয়েন্টাল ব্যাংকের খুলনা শাখায় ওই টাকা স্থায়ী সঞ্চয়ী হিসাব (এফডিআর) এর মাধ্যমে লগ্নি করেন।
গত বছরের নভেম্বরে ঘটনা তদন্তে বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও হারবার মাস্টার লে. কমাণ্ডার কাজী শাহ আলম, পরিচালক প্রশাসন ফখরুদ্দিন আহমেদ, বন্দরের সচিব ও জনসংযোগ কর্মকর্তা জাহিদ হোসেনকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি এ বছরের জানুয়ারি মাসে তাদের প্রতিবেদন জমা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৮৩৬ ঘ.
bdnews24