২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, স্থানীয় সরকার শুধু ক্ষমতাকেন্দ্রিক নয়, এর কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। স্বাধীনতার পর থেকে দেশে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ গঠন হলেও স্বাধীনভাবে কাজ করতে না পারায় এসব সংগঠন তাদের যথাযথ ভূমিকা রাখতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

চট্টগ্রাম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, স্থানীয় সরকার শুধু ক্ষমতাকেন্দ্রিক নয়, এর কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। স্বাধীনতার পর থেকে দেশে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ গঠন হলেও স্বাধীনভাবে কাজ করতে না পারায় এসব সংগঠন তাদের যথাযথ ভূমিকা রাখতে পারেনি। তিনি বলেন, "স্থানীয় সরকার ব্যবস্থার সংগঠনগুলোতে নানা রকম সমস্যা দেখা দিলেও চলার পথেই তার সমাধান করতে হবে। নতুন আইনের মাধ্যমে এ সব প্রতিষ্ঠানকে আরও গতিশীল করতে সরকার উদ্যোগ নিয়েছে।" মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম (আইবিএফবি) আয়োজিত 'নিউ ডিরেকশনস ফর লোকাল গর্ভনেন্স ইন বাংলাদেশ' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা কেবল কাঠামোবদ্ধ থাকলে হবে না। স্থানীয় জনগণের প্রকৃত অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।" স্থানীয় সরকারের বাজেট তৈরি ও আয়-ব্যয়ের হিসাব নির্ণয়ে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত বলে উপদেষ্টা মন্তব্য করেন। আইবিএফ এর চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী ও খুলনা সিটি করপোরেশনের কমিশনার শেখ আমিনা হালীম বেবী বক্তব্য রাখেন। ওপর থেকে চাপিয়ে না দিয়ে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে সরকারের প্রতি আহ্বান জানান অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমএসবি/১৬৪৫ ঘ.