ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের স্বপ্নের দেশ গড়তে শ্রেণি-পেশা-অবস্থান নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের রয়েছে অমিত সম্ভাবনা। সুযোগ পেলে ও অনুকূল পরিস্থিতি থাকলে তারা এদেশের চেহারা পাল্টে দিতে পারে।
মঙ্গলবার স্বাধীনতা পদক-২০০৮ বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
২০০৮ সালে স্বাধীনতা পদক পেয়েছেন ড. শামসুজ্জোহা (মরণোত্তর), অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব (মরণোত্তর), অধ্যাপক রেহমান সোবহান এবং বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
ওসমানী মিলনায়নে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা স্বাধীনতা পদক তুলে দেন। অধ্যাপক রেহমান সোবহান অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টার কাছ থেকে পদক নেন। ড. শামসুজ্জোহার পক্ষে তার একমাত্র সন্তান সাবিনা জোহা খান এবং অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেবের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম এ ফায়েজ পদক নেন। বিডিআরের পক্ষে পদক নেন সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ।
প্রধান উপদেষ্টা বলেন, "গণতান্ত্রিক ও শোষণহীন সমাজ গড়ার প্রত্যয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য সে লক্ষ্য আজও অর্জিত হয়নি, পূর্ণতা পায়নি গণতন্ত্র। রাষ্ট্রযন্ত্র ও সুশাসনের সুফল আজও অনেকটাই সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে।"
তিনি বলেন, "মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন ও সার্বভৌম দেশ উপহার দিয়েছে। বর্তমান প্রজন্মের দায়িত্ব হচ্ছে, শহীদদের রেখে যাওয়া কাজ এগিয়ে নেওয়া; তাদের স্বপ্ন বাস্তবায়ন করা।"
ফখরুদ্দীন আহমদ বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগে স্বপ্নের বাংলাদেশ আমরা একদিন অবশ্যই গড়ব। যার যার কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও সর্বোচ্চ দেশপ্রেমের পরিচয় দিয়েই কেবল আমরা ৩০ লাখ শহীদের রক্তঋণ শোধ করতে পারব।"
প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধে শহীদ সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং স্বাধীনতা পদক বিজয়ীদের অভিনন্দন জানান।
পদকবিজয়ী রেহমান সোবহান বলেন, "মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকা শক্তিকে প্রতিহত না করতে পারায় আমাদের অনেক বেশি মূল্য দিতে হয়েছে।"
স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা, সচিবসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, কূটনীতিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ইএইচবি/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.
bdnews24