২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে অর্থ সাহায্য চেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি

বিশ্বব্যাপী খাদ্য মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে এক মাসের মধ্যে কমপক্ষে ৫০ কোটি ডলার অর্থ সাহায্য দেওয়ার জন্য দাতা দেশগুলোর প্রতি আবেদন জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিওএফপি)। জাতিসংঘ সংস্থার পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, যদি মে মাসের মধ্যে এ অর্থ না পৌঁছায়, তাহলে বিশ্বের জনগোষ্ঠির একটি বিশাল অংশ যারা ডাব্লিওএফপির সাহায্যের ওপর নির্ভরশীল, তারা সঙ্কটে পড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 06:53 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাপী খাদ্য মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে এক মাসের মধ্যে কমপক্ষে ৫০ কোটি ডলার অর্থ সাহায্য দেওয়ার জন্য দাতা দেশগুলোর প্রতি আবেদন জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিওএফপি)। জাতিসংঘ সংস্থার পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, যদি মে মাসের মধ্যে এ অর্থ না পৌঁছায়, তাহলে বিশ্বের জনগোষ্ঠির একটি বিশাল অংশ যারা ডাব্লিওএফপির সাহায্যের ওপর নির্ভরশীল, তারা সঙ্কটে পড়বে। বিশ্বের ৮০টি দেশের প্রায় ৭ কোটি ৩০ লাখ মানুষ ডাব্লিওএফপির খাদ্য সাহায্যের ওপর নির্ভরশীল। সোমবার ইংরেজি দৈনিক দি ফিন্যান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার বিশ্ব খাদ্য সংস্থার পক্ষ থেকে ধনী দেশগুলোর কাছে চিঠিটি পাঠানো হয়। ডাব্লিওএফপির নির্বাহী পরিচালক জোশে শিরানের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, "আপনারা যদি জরুরি ভিত্তিতে সাহায্য না পাঠান; তাহলে খাদ্য সাহায্যের ক্ষেত্রে আমাদের যে ঘাটতি রয়েছে, তা নিরসন সম্ভব হবে না।" চিঠিতে জানানো হয়, খাদ্য সাহায্যের ক্ষেত্রে ২৫ ফেব্র"য়ারি সংস্থার ঘাটতির পরিমাণ ছিল ৫০ কোটি ডলার, যা ক্রমেই বাড়ছে। ডাব্লিওএফপির কর্মকর্তারা জানান, বিশ্ব বাজারে খাদ্য শস্য ও তেলের দাম বাড়ায় এখন সংস্থার ঘাটতি ৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূূচিতে সবচেয়ে বেশি অনুদান দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। গত বছর এর পরিমাণ ছিল ১১০ কোটি ডলার। ২৫ কোটি ডলার অনুদান দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং তৃতীয় স্থানে রয়েছে কানাডা, ১৬ কোটি ডলার অনুদান দিয়ে। বিশ্লেষকদের মতে, উন্নয়নশীল দেশের চাহিদা, জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্য সঙ্কট দেখা দেওয়ায় বাজারে দাম বাড়ছে। যা বিশ্বের লাখ লাখ দারিদ্র্য জনগোষ্ঠীর ওপর চাপ সৃষ্টি করছে। ডাব্লিওএফপি কর্মকর্তা শিরানের মতে, খাদ্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধি এটাই প্রমাণ করে যে অর্থের অভাবে মানুষ খাবার কিনতে পারছে না। সংস্থাটি জানায়, "বর্তমানের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দরিদ্র জনগোষ্ঠীর আয়ের বড় অংশই চলে যাবে খাদ্য সংস্থানে। ফলে হয় তারা কম খাবে অথবা পুষ্টি চাহিদা মেটানোর জন্য তাদেরকে বাহ্যিক সাহায্যের ওপর নির্ভর করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১২৪৫ ঘ.