ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালের ২৫শে মার্চ। শেষ আশা ছিল, রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এদিন একটা কিছু সমঝোতা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ বলেছিলেন, "আর আলোচনা নয়, এবার সুস্পষ্ট ঘোষণা চাই।"
২৫ শে মার্চ ঢাকায় প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে বৈঠকের পর পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল পিপিপির নেতা জুলফিকার আলী ভুট্টো সাংবাদিকদের বলেন, "পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক।"
স্থানীয় সাংবাদিকরা বঙ্গবন্ধুর কাছে ছুটে গিয়ে তাকে ভুট্টোর বক্তব্য জানান। শুনে বঙ্গবন্ধু গম্ভীর হয়ে যান। দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। বঙ্গবন্ধুর বাড়িতে তখন দেশি-বিদেশি অসংখ্য সাংবাদিক। এমন সময় খবর এল ইয়াহিয়া খান বিকেল ৫টা ৪৫ মিনিটে সাদা পোশাকে প্রেসিডেন্ট ভবন ত্যাগ করে বিমানবন্দর বা ক্যান্টনমেন্টের দিকে গেছেন।
এর পরই একটি বোয়িং বিমান করাচির উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। ওই বিমানে করেই গোপনে পশ্চিম পাকিস্তান চলে গেলেন ইয়াহিয়া। যাওয়ার আগে সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে গেলেন চরম আঘাত হানার।
এদিকে সৈয়দপুর, রংপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আগের দিন থেকেই অবাঙালিদের মদদ দিয়ে বাঙালিদের ওপর নির্যাতন করছিল পাকিস্তানী সেনাবাহিনী। এর প্রতিবাদে বঙ্গবন্ধু ২৭ শে মার্চ সাধারণ ধর্মঘট ডাকলেন।
২৫ মার্চ সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, "বেসামরিক জনগণের ওপর বেপরোয়া গুলিবর্ষণ ও নির্যাতনের সংবাদ আসছে। পুলিশ বাহিনীকে সম্পূর্ণ উপেক্ষা করে এক ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। ...এসব কিছু ঘটছে যখন স্বয়ং প্রেসিডেন্ট ঢাকায়। আমি তাকে অবিলম্বে ওইরূপ সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিতে অনুরোধ জানাচ্ছি।"
তিনি আরো বলেন, "এটা জেনে রাখা উচিত , নিরস্ত্র জনসাধারণকে হত্যা ও বর্বরতা বিনা চ্যালেঞ্জে যেতে দেওয়া হবে না। আমার আস্থা আছে যে, বাংলাদেশের সাহসী সন্তানরা তাদের লক্ষ্য হাসিলের জন্য অর্থাৎ বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সর্বপ্রকার পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত।"
২৫ মার্চ রাতে ঢাকায় কুখ্যাত গণহত্যা 'অপারেশন সার্চলাইট' শুরু করে পাকিস্তানী বাহিনী। মধ্যরাতের পর ধানমন্ডির বাড়ি থেকে পাক সেনারা গ্রেপ্তার করে স্বাধীনতাকামী বাঙালি জাতির নেতা বঙ্গবন্ধুকে। পরে তাকে পাকিস্তানে নিয়ে কারাবন্দী করা হয়।
অনিশ্চিত পরিবেশের মধ্যে কারফিউয়ের আশঙ্কায় ঢাকার রাজপথ রাত ১০টার মধ্যে জনশূন্য হয়ে পড়ে। গণহত্যার নীল নকশা বাস্তবায়নের জন্য মধ্যরাতের দিকে মাঠে নেমে আসে পাকিস্তানী সেনাবাহিনী।
ক্যান্টনমেন্ট থেকে জিপ, সাঁজোয়া যান আর ট্রাক বোঝাই পাকিস্তানি সেনারা ছড়িয়ে পড়তে থাকে ঢাকার সব জায়গায়। নামলো ট্যাংকও। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হলো হত্যাযজ্ঞ। এরপর রাজারবাগে পূর্ব পাকিস্তান পুলিশ সদর দপ্তরে হামলা চালায় সৈন্যরা। বাঙালি পুলিশ সদস্যরা আত্মসমপর্ণ না করে রুখে দাঁড়ালো। এরপর সারা শহরে ছড়িয়ে পড়লো পাকিস্তানি বাহিনীর নারকীয় তাণ্ডব। কয়েকহাজার নিরপরাধ সাধারণ মানুষ নিহত হলো সে রাতে।
টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। বিপুল সংখ্যক বিদেশি সাংবাদিককে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আটকে রাখা হলো।
গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়্যারলেসযোগে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ চৌধুরীর কাছে স্বাধীনতা ঘোষণার বাণী পাঠান। ২৬ শে মার্চ তা চট্টগ্রাম বেতার থেকে প্রচার করেন এম এ হান্নান।
শুরু হয় মুক্তিযুদ্ধের প্রথম প্রহর ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এসকে/০০৩৫ঘ.
bdnews24