ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় প্যারেড স্কয়ারের কুচকাওয়াজে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতের জন্য রাজধানী ও সাভারের কয়েকটি সড়কে কিছু সময়ের জন্য জনসাধারণের চলাচল নিয়ন্ত্রিত করা হবে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মার্চ ভোরে সাভারে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও অতিথিরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন বলে ওইদিন ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাস, মিনিবাস ও ট্রাকসহ বড় আকারের যানবাহনগুলো গাবতলী থেকে আমিনবাজার সেতু হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়ক ব্যবহার করতে পারবে না। বিকল্প পথ হিসেবে এয়ারপোর্ট রোড থেকে আব্দুল্লাহপুর হয়ে আশুলিয়া সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজের কারণে ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর খেজুরবাগান ক্রসিং থেকে বিজয় সরণি ক্রসিং হয়ে মিরপুর ১০ নম্বর গোল চক্কর পর্যন্ত সড়ক (রোকেয়া সরণি), শ্যামলী শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও লাইটক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত সড়ক, বিজয় সরণি ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং ও ক্রিসেন্ট লেক হয়ে প্রধান উপদেষ্টা ভবন ক্রসিং পর্যন্ত সড়ক ও প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে রোকেয়া সরণি পর্যন্ত সড়কে সাধারণের চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই সময়কালে এসব সড়ক ব্যবহার না করে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্যও বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ। এসব নির্দেশনার মধ্যে অতিথিদের গাড়ির জন্য নির্ধারিত স্টিকারগুলো গাড়ির কাঁচে যথাযথস্থানে লাগানো, পূর্বনির্দেশিত ও ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুযায়ী গাড়ি যথাযথ স্থানে পার্ক করা, চালকদের গাড়ির ভেতরে অবস্থান করা ও অতিথিদের মোবাইল ফোন, ছাতা ও ব্যাগ বহন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/এসকে/২২৪৬ঘ.
bdnews24