২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে পরীক্ষায় নকলের ছবি তোলায় সাংবাদিক গ্রেপ্তার, পরে মুক্তি

হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পরীক্ষায় নকলের ছবি তোলার অপরাধে সোমবার কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের নির্দেশে দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সাংবাদিকদের চাপে জেলা প্রশাসকের নির্দেশে দুঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

নীলফামারী, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পরীক্ষায় নকলের ছবি তোলার অপরাধে সোমবার কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের নির্দেশে দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সাংবাদিকদের চাপে জেলা প্রশাসকের নির্দেশে দুঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। এরা হলেন- ডেইলি ষ্টার এর নীলফামারী প্রতিনিধি আসাদুজ্জামান টিপু এবং এটিএন বাংলার রিপোর্টার রতন সরকার। টিপু ও রতন সরকার জানান, নীলফামারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষ ফিজিওলজি ও চতুর্থ বর্ষ চিকিৎসা আইন পরীক্ষা চলাকালীন দুই ম্যাজিস্ট্রেট রশিদুল মান্নাফ কবীর ও আশরাফ হোসেনের উপস্থিতিতে হলে পরীক্ষার্থীরা প্রকাশ্যে নকল করছিলেন। টিপু নকলের ছবি তুললে ম্যাজিস্ট্রেটদের নির্দেশে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় এটিএন বাংলার রিপোর্টার রতন সরকার এগিয়ে এলে তাকেও গ্রেপ্তার করা হয়। তারা জানান, হলে দায়িত্বরত দুই ম্যাজিস্ট্রেট অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের রশি দিয়ে বেঁধে থানায় নিয়ে যেতে নির্দেশ দেন পুলিশকে। এদিকে, আটক সাংবাদিকদের থানায় নিয়ে যাওয়ার পর নীলফামারীর সাংবাদিকরা তাদের মুক্তি ও ম্যাজিষ্ট্রেটদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক (ডিসি) অফিসের সামনে অবস্থান নেন। প্রায় দু'ঘন্টা পর জেলা প্রশাসক রাশিদুল হাসানের নির্দেশে সাংবাদিকদের ছেড়ে দিয়ে ম্যাজিষ্ট্রেটদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে অবস্থান তুলে নেওয়া হয়। এ ব্যাপারে জেলা প্রশাসক রাশিদুল হাসান মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাংবাদিকদের আমি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছি। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১১ ঘ.