ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি অবসরপ্রাপ্ত এয়ারভাইস মার্শাল এ কে খন্দকার বীরউত্তম বলেছেন, "সরকার যুদ্ধাপরাধীদের বিচারের সিদ্ধান্ত নিতে অযথা কালক্ষেপণ করছে"।
সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত স্বাধীনতা উৎসবের উদ্ধোধন অনুষ্ঠানে তিনি বলেন, "যে সমাজে অপরাধীদের বিচার হয় না, সে সমাজ অপরাধ ও দুর্নীতিপ্রবণ। যুদ্ধাপরাধীরের বিচার হয়নি বলেই আজ সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে পড়েছে। সারা দেশ আজ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হচ্ছে।"
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস বলেন, "বাংলাদেশে এখনও রাজাকাররা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। অবিলম্বে এদেশের মানুষ তাদের বিচার দেখতে চায়।"
জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, "যারা মুক্তিযুদ্ধের সময় মানুষ হত্যা করেছে, লুণ্ঠন করেছে তারাই আজ এদেশে পুরস্কৃত হচ্ছে। তাদের সাংসদ বানানো হয়েছে, বিগত সরকারের আমলে তাদের গাড়িতে লাল-সবুজ পতাকা ওড়ানোর অধিকারও দেওয়া হয়েছে। তাই যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আজ গণ দাবির রূপ পেয়েছে।"
আসাদুজ্জামান নূর বলেন, "বর্তমান সরকারের কেউ কেউ প্রশ্ন করেন- রাজনৈতিক সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া হয়নি কেন? এ সরকারতো বিগত সব রাজনৈতিক সরকারকে ব্যর্থ ঘোষণা করে নিজেদের সফল বলে দাবি করছে। আমাদের প্রাণের দাবি যুদ্ধাপরাধীদের বিচার করে এ সরকার তাদের সফলতায় আরেকটি পালক যোগ করুক।"
আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে জোট নেতা হাসান আরিফ, ঝুনা চৌধুরী, সালাহউদ্দিন বাদল, আফজাল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
উৎসবের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ জ্বালিয়ে ২৫ মার্চের কালরাত্রিকে স্মরণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/২১৫৮ ঘ.
bdnews24