কক্সবাজার, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে কবি ও সাংবাদিক রুহুল কাদের বাবুলকে রোববার রাতে গ্রেপ্তার করেছে র্যাব। স্থানীয় পত্রিকা 'দৈনিক দৈনন্দিন' এর কার্যালয় থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে র্যাব-৩ সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
পরে তার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের বাড়িতে অভিযান চালিয়ে দেশে তৈরি পাঁচটি অস্ত্র উদ্ধার করে। তবে তার গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাবের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। রুহুল কাদের বাবুলের পরিবারের সদস্যরা দাবি করেছেন, তিনি কখনোই অস্ত্র ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিলেন না। ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান র্যাব সূত্রের বরাত দিয়ে জানান, কবি ও সাংবাদিক রুহুল কাদের বাবুলকে রোববার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের এন্ডারসন সড়ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকা থেকে আসা র্যাব-৩ সদস্যরা তাকে নিয়ে গ্রামের বাড়ি মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা এলাকায় অভিযান চালায়। বাড়ির পেছনের আঙ্গিনায় মাটি খুঁড়ে দেশে তৈরি পাঁচটি বন্দুক উদ্ধার করে।
তিনি জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব সদস্যরা রুহুল কাদের বাবুলকে অস্ত্রসহ মহেশখালী থানায় সোপর্দ করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাব-৩ এর উপ-সহকারী পরিচালক গোলাম রহমান একটি এজাহার দায়ের করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ সিদ্দিকী জানান, রুহুল কাদের বাবুলের সঙ্গে যে পাঁচটি অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে তার মধ্যে তিনটি অকেজো। এজাহারে পাঁচটি অস্ত্রই সচল বলে উল্লেখ করায় তিনি এজাহারের কপি র্যাবকে ফেরত দিয়েছেন। তারা এখনো নতুন এজাহার থানায় জমা দেয়নি।
এদিকে সোমবার বিকেলে রুহুল কাদের বাবুলের পরিবারের সদস্যরা কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিক বাবুলের স্ত্রী মমতাজ বেগম ও বড় মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্তিকা কাদের দাবি করেন, রুহুল কাদের বাবুল কখনই অস্ত্র ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিলেন না। গত দু'বছর ধরে তিনি পরিবারের সবাইকে নিয়ে কক্সবাজার শহরে স্থায়ীভাবে বসবাস করছেন। ঈদেও তিনি গ্রামের বাড়িতে যান না।
তারা দাবি করেন, গ্রামের প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে র্যাবকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে তাকে গ্রেপ্তার করিয়েছে।
মমতাজ বেগম তার স্বামীর বিরুদ্ধে সব ষড়যন্ত্র, মিথ্যা মামলা ও র্যাব কর্তৃক তাকে আটকের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও মুক্তি দাবি করেন।
মৃত্তিকা কাদের বলেন, "আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। এলাকার কিছু প্রভাবশালীর ষড়যন্ত্রের শিকার হয়ে আমার বাবা এলাকা ছেড়ে আমাদের নিয়ে কক্সবাজার শহরে চলে আসেন। এখানে এসেও আমরা ষড়যন্ত্রকারীদের কবল থেকে মুক্তি পাচ্ছি না।"
তিনি বলেন, "পরিবারে আমার মা ও আমরা পাঁচ বোন ছাড়া আর কেউ নেই। আমি সবার বড়। আমার ছোট বোন এবার এসএসসি পরীক্ষার্থী। অন্যরা এখনো ছোট। পরিবারের এমন দূঃসময়ে ষড়যন্ত্রকারীদের ইন্দনে তাদের পুঁতে রাখা অস্ত্র দিয়ে আমার বাবাকে মামলায় জড়ানোর ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন।"
প্রভাবশালী ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তিনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অপরদিকে কবি ও সাংবাদিক রুহুল কাদের বাবুলকে বিনা কারণে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আতাহার ইকবাল, সাধারণ সম্পাদক মুহম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক দিলোয়ার চৌধুরী, দৈনিক দৈনন্দিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মোনায়েম খানসহ পত্রিকার সাংবাদিক কর্মচারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/ ২১৫৮ ঘ.
bdnews24