চুয়াডাঙ্গা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলার কালুপোল গ্রামের গৃহবধু আম্বিয়া হত্যা মামলায় তার স্বামী ইছাহাক আলীকে (৩৫) যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্তি দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোতাহার হোসেন সোমবার এ আদেশ দেন।
আদালতে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে অপর আসামি কালুপোল গ্রামের শওকত আলীকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইছাহাক আলীর দ্বিতীয় পক্ষের স্ত্রী লাতা বেগম, মা শাহিদা বেগম, প্রতিবেশী রফিক ও জিয়াউর রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
২০০০ সালের ২৮ ফেব্র"য়ারি আম্বিয়া খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার শ্বশুর বাড়ির লোকজন থানায় অভিযোগ করে আম্বিয়া খাতুন আত্মহত্যা করেছেন। কিন্তু পুলিশের তদন্ত, ময়না তদন্ত ও ভিসেরা রিপোর্ট পরীক্ষায় শ্বাসরোধ করে তাকে হত্যার করা হয়েছে প্রমাণ মেলে।
ওই বছরের ১৩ জুন সদর থানায় ইছাহাক আলীসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। তদন্ত কর্মকর্তা থানার তখনকার উপ-পরিদর্শক আশরাফ আলী ৬ ডিসেম্বর অভিযোগপত্র দেন।
চুয়াডাঙ্গা শহরে চরমপন্থী দলের পোষ্টার লাগানোর মামলায় রায়ে ইকবাল নামের একজনকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ইকবাল স্থানীয় সমবায় অফিসের এমএলএসএস (পিয়ন)।
চুয়াডাঙ্গার প্রধান বিচারিক হাকিম আদালতের বিচারক এস.এম. শাহজামাল মাশারেকী সোমবার এ আদেশ দেন।
মামালার বাকি পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
খালসপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গার সাবেক পৌর চেয়ারম্যান ও পৌর বিএনপি সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস, দৈনিক ভোরের কাগজের চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমান, দৈনিক দেশবাংলার চুয়াডাঙ্গা প্রতিনিধি হাজী রবিউল হক, শহরের পলাশপাড়ার জামাল ওরফে রবি ও আকরাম কাজী।
২০০৭ সালের ১৫ ডিসেম্বর রাতে চুয়াডাঙ্গা আদালত চত্বরে পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টির (এমএল) পোষ্টার লাগানোর সময় স্থানীয় সমবায় অফিসের এমএলএসএস ইকবালকে গোয়েন্দা পুলিশ আটক করে। ইকবালের স্বীকারোক্তি অনুযায়ী আকরাম কাজীকে গ্রেপ্তার করা হয়। তার কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোরের কাগজ ও দেশবাংলার দুই সাংবাদিককে গ্রেপ্তার করে পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
সদর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন তদন্ত শেষে ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অহিদুল ইসলাম ও জামাল এখন পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24