শেরপুর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আমি যা কিছু করছি দলের হাই কমান্ডের নির্দেশে করছি। আপনারা কোনো প্রকার বিভ্রান্তিতে কান না দিয়ে ঐক্যবদ্ধ থাকুন।"
সোমবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতিতে হান্নান শাহ সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।
হান্নান শাহ তার দুই ছেলে, ছেলের স্ত্রী ও নাতি নাতনি নিয়ে ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী 'অবকাশ বনভোজন কেন্দ্র' বেড়াতে যান। শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলার বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা তার আগমনের খবর শুনে তার সঙ্গে দেখা করেন।
সেখানে অন্যান্যদের মধ্যে শ্রীবর্দী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুর রউফ মিয়া, ঝিনাইগাতি উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদশা এবং শেরপুর-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আমিনুল হক (আবুল খায়ের) উপস্থিত ছিলেন।
নেতাকর্র্মীদের উদ্দেশে হান্নান শাহ বলেন, "আমি পারিবারিকভাবে এখানে বেড়াতে এসেছি। আগামীতে দলের কর্মকাণ্ড চালু হলে দলের প্রধান চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আপনাদের এখানে আসবো।"
পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশে শেরপুর ত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১০৭ ঘ.
bdnews24