ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সোমবার একটি করে বৈদ্যুতিক বাতি কম জ্বালানো ও এসির ব্যবহার কমানোর অনুরোধ করেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসির (শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র) ব্যবহার কমানো, একটি করে বৈদ্যুতিক বাতি কম জ্বালানোর জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এসির জন্য ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। এসির ব্যবহার কমানো হলে লোড কমবে। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে সরকার ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে এ বিষয়ে এগিয়ে আসার অনুরোধ করা হয়েছে।"
তিনি জানান, রাস্তার এক পাশে স্ট্রিট ল্যাম্প জ্বালানো ও ওয়াসাকে পিক আওয়ারে পানির পাম্প বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া সার কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ পুনর্বন্টন করতে বলা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগ, জ্বালানি বিভাগ ও শিল্প মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার ৪ হাজার ৩৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সম্ভাব্য উৎপাদনের পরিমাণ ছিল ৩ হাজার ৭৮০ মেগাওয়াট। সম্ভাব্য লোড শেডিং হচ্ছে ৫১২ মেগাওয়াট। ক্ষমতা থাকা সত্ত্বেও গ্যাস স্বল্পতার কারণে ৫০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে না।
বিদ্যুৎ বিভাগের হিসাব মতে, বর্তমানে প্রতিদিন গড় লোডশেডিং এর পরিমাণ ৫০০ মেগাওয়াট। এর বেশির ভাগই শহর এলাকায় করা হচ্ছে। তবে সরকারি ছুটির দিন লোডশেডিং কমে আসে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, এ মুহূর্তের লক্ষ্য হচ্ছে নতুন উৎপাদন এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ বাড়িয়ে কমপক্ষে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানো। ইতোমধ্যেই সাঙ্গু গ্যাসক্ষেত্রে উৎপাদন বেড়েছে। এর কারণে শিকলবাহা ও রাউজান বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়বে।
পেট্রোবাংলার হিসাব অনুসারে শনিবার ও রোববার দেশে গ্যাসের চাহিদা ছিল ১৭০৭ মিলিয়ন ঘনফুট। উৎপাদন ছিল ১৬৮৬ মিলিয়ন ঘনফুট। বিদ্যু কেন্দ্রগুলোতে ৮৪১ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ৬৮৪ মিলিয়ন ঘনফুট। সার কারখানাগুলোতে ১৮৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। চাহিদা ছিল ২৮৯ মিলিয়ন ঘনফুট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএআর/এমএ/২০৫৮ ঘ.
bdnews24