২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চিকিৎসকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. উদয় বরণ মণ্ডলকে মামলায় জড়ানোর ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে সোমবার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 02:55 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

বাগেরহাট, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. উদয় বরণ মণ্ডলকে মামলায় জড়ানোর ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে সোমবার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, পুলিশ সুপার এ কে এম শহীদুর রহমানের নির্দেশে উপ-পরিদর্শক লুৎফর রহমানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার খুলনার দিঘলিয়া এলাকার সাঈদুজ্জামান নামের এক ব্যক্তি ডা. উদয় বরণ মন্ডলের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে যাওয়ার সময় কতিপয় ব্যাক্তি তাকে ধরে ফকিরহাট থানায় সোপর্দ করে। পরে উপ-পরিদর্শক লুৎফর বিষয়টি জানতে চাইলে ডা. আলমগীর ও ডা. উদয় তাকে জানান, ওই ওষুধ স্বাস্থ্য কমপ্লেক্সের নয়। এগুলো ডা. উদয়ের ব্যক্তিগত পাওয়া ফ্রি স্যাম্পল। তার পরও উপ-পরিদর্শক লুৎফর ডা. উদয়কে থানায় ডেকে নিয়ে মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিন হাজার টাকা ঘুষ নেন। ডা. উদয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তিনি জেলার বিএমএ সভাপতি ডা. লুৎফুল্লাহ কবীরকে জানান। পরে লুৎফুল্লাহ কবীরের মাধ্যমে বিষয়টি পুলিশ সুপার অবহিত হন। তিনি আরও জানান, সোমবার সকালে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর চৌধুরী এবং দারোগা লুৎফর রহমান এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে থানা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেনের চেম্বারে আসেন এবং তাকে সেখানে ডেকে নিয়ে যান। এ সময় লুৎফর রহমান তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। ডা. উদয় বলেন, সবার অনুরোধে তিনি বিষয়টি মীমাংসা করতে সম্মত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৯ ঘ.