২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসের আগেই হাসিনার মুক্তি দাবি

স্বাধীনতা দিবসের আগেই দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- স্বাধীনতা দিবসের আগেই দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে আওয়ামী লীগ। দলের সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এ আহ্বান জানিয়ে বলেছেন, "শেখ হাসিনাকে ২৬ মার্চের আগেই মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাব যেন তিনি মুক্ত মানুষ হিসাবে আগের জায়গাতেই কানের চিকিৎসা করাতে পারেন।" ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকালে কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে শেখ হাসিনার রোগমুক্তির জন্য বিশেষ প্রার্থনা শেষে তোফায়েল আহমদ উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে আটকে রাখা জাতির কাছে প্রত্যাশিত নয়। দেশবাসীও চায় ২৬ মার্চের আগে তাকে মুক্তি দেওয়া হোক।" তোফায়েল আহমদের বক্তব্যের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করে বলেন, "শেখ হাসিনাকে বেআইনীভাবে আটকে রাখা হয়েছে। তার ক্ষেত্রে ন্যায়বিচারের কোনো রীতিনীতি রক্ষা করা হয়নি।" আওয়ামী লীগ সভানেত্রীকে 'রাজনীতির উর্দ্ধে উঠে মানবিক কারণে' চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহবান জানান সুরঞ্জিত। এর আগে ধর্মরাজিক বৌদ্ধ বিহারের জেষ্ঠ ভিক্ষুর নেতৃত্বে প্রার্থনায় অন্যদের মধ্যে অংশ নেন শ্রদ্ধানন্দ ভিক্ষু, ভিক্ষু সংঘের সদস্য, ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিহারের বাসিন্দা অনাথ ছেলেরা। প্রার্থনা চলাকালে আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট সাহারা খাতুন, এমএ আজিজ, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আব্দুল মতিন মাস্টার, মেহের আফরোজ চুমকী প্রমুখও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২০৪৪ঘ.