কুড়িগ্রাম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফূলবাড়ী উপজেলার গোড়ক মণ্ডল সীমান্তে সোমবার ভোর ৫ টায় ভারতের নারায়ণগঞ্জ ক্যাম্পের বিএসএফ জওয়ানদের গুলিতে আইদুল (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বিডিআর ও এলাকাবাসী জানায়, ভোর রাতে বাংলাদেশের কয়েকজন চোরাকারবারি ভারত থেকে গরু নিয়ে আসার সময় আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩০ এর ১০ এস পিলারের কাছে তাদের লক্ষ্য করে বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
এতে ঘটনাস্থলেই আইদুল (৩২) নিহত হন। তার বাড়ি ফুলবাড়ীর গোড়কমণ্ডল আবাসনে। তার বাবার নাম পচা মামুদ।
অপরদিকে বিএসএফ জওয়ানদের ধাওয়া খেয়ে রফিকুল (২৪) ও বাদশা (২৫) নামে দুই চোরাকারবারিকে গোড়কমণ্ডল বিওপির বিডিআর জওয়ানরা ২৮টি ভারতীয় গরুসহ আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বিডিআরের শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার গোলাম রব্বানী ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনা ভারতের তিনশ গজ অভ্যন্তরে ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৫ ঘ.
bdnews24