২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরের প্রভাবে বঙ্গেয় ব-দ্বীপে গভীর খাদ: উপকূলীয় এলকায় ভাঙন বাড়বে

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল গ্রামের পর গ্রাম, জনপদ। উপকূলীয় এলাকা পরিণত হয়েছিল এক ধ্বংসের জনপদে। ২০০৭ সালের সেই ১৫ নভেম্বরের কথা ভোলার নয়। প্রকৃতির সেই নির্মম আঘাতের পর বঙ্গেয় ব-দ্বীপে (বেঙ্গল ডেল্টা) দেখা দিয়েছে গভীর খাদ। ভূমি ও সাগরের সংযোগস্থলে এমন প্রভাবে আগামীতে উপকূলীয় এলাকায় নদী ভাঙনের প্রবণতা বাড়বে- এমন আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এক জরিপে এমনই তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বঙ্গেয় ব-দ্বীপে (বেঙ্গল ডেল্টা) বাংলাদেশের জল সীমায় ৫০ থেকে ৫২ মিটার গভীর খাদ দেখা দিয়েছে। এগুলোর মধ্যে পূর্ব সুন্দরবনের বালেশ্বর নদী মোহনা থেকে পাঁচ ও তিন কিলোমিটার দূরে তৈরি হয়েছে দুটি গভীর খাদ। একই এলাকায় রয়েছে আরো ১০টি খাদ। ভূমি ও সাগরের সংযোগস্থলে সিডরের তীব্রতায় এমন প্রভাবের ফলে আগামীতে দীর্ঘমেয়াদে ভূমিক্ষয় বেড়ে যাবে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় নদী ভাঙনের প্রবণতা বাড়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। গত ৬ মার্চ-২২ মার্চ পর্যন্ত পরিচালিত 'আন্ডারস্ট্যান্ডিং ল্যান্ড-ওশান ইন্টারেকশনস ইন বেঙ্গল ডেল্টা' শীর্ষক এক গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। প্রকল্পটির অধীনে পূর্ব সুন্দরবনের মংলা থেকে কটকা (কচিখালী) পর্যন্ত বেশ কয়টি নদীতে জরিপ চালানো হয়। যুক্তরাষ্ট্রের ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্টিভেন এল গুডব্রেড 'আন্ডারস্ট্যান্ডিং ল্যান্ড-ওশান ইন্টারেকশনস ইন বেঙ্গল ডেল্টা' প্রকল্পের অধীনে চলতি মাসে দুই সপ্তাহ বঙ্গেয় ব-দ্বীপে গবেষণা করেন। এসময় তিনি ২০০৭ সালের মার্চে পরিচালিত জরিপের ভিত্তিতে ২০০৮ সালের মার্চ মাসের উপাত্ত সংগ্রহ করেন। তাতে বঙ্গেয় ডেল্টায় অনেক গভীর-অগভীর খাদের অস্তিত্ব ধরা পড়ে। যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়, ভূতাত্বিক জারিপ, বিআইডব্লিউটিএ, বন অধিদপ্তর এই জরিপে সহায়তা দেয়। ড. স্টিভেন এল গুডব্রেড সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, "সুন্দরবনের দক্ষিণাংশসহ সাগরের ১২ হাজার বর্গকিলোমিটার আয়তনের এলাকা বঙ্গেয় ব-দ্বীপ। ঘূর্ণিঝড় সিডর-এর আঘাতে বঙ্গেয় ডেল্টায় বেশ কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে বালেশ্বর নদীর পাশে কটকা থেকে ৩ কিলোমিটার উত্তরে নদীর গভীরতা পাওয়া গেছে ৫২ মিটার এবং পাঁচ কিলোমিটার দক্ষিণে ৪৫-৫০ মিটার গভীরতা পাওয়া গেছে। মসৃণ এই বেঙ্গল ডেল্টায় সিডরের কারণে অনেক গভীর-অগভীর খাদ সৃষ্টি হয়েছে।" তিনি জানান, বেশিরভাগ জায়গায় একই ধরনের গভীরতা থাকলেও বেতনাগাঁও মোহনায় ১০০ মিটার বিস্তৃত এলাকায় অস্বাভাবিক গভীরতা পাওয়া গেছে। বাংলাদেশের উজানে নদ-নদীর স্রোতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পলি জমে উল্লেখ করে স্টিভেন এল গুডব্রেড জানান, ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা অববাহিকায় প্রতি বছর পলিমাটি আহরণের হার ১০০০ মিলিয়ন টন। এরমধ্যে ৩০০ মিলিয়ন টন দেশের মধ্যাঞ্চলে বিভিন্ন অববাহিকায় জমা হয়। সাগরের দিকে ধেয়ে আসা বাকি ৭০০ মিলিয়ন টনের মধ্যে ৪০০ মিলিয়ন টন সাব-অ্যাকুয়াস ডেল্টায় চলে আসে এবং ৩০০ মিলিয়ন টনের পলল জোয়ার-ভাটায় বাংলাদেশ উপকূল ও সোয়াচ অব নো গ্রাউল্ডে মিশে যায়। বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন ও নানা ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশ আখ্যা দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেঙ্গল ডেল্টায় পরিবর্তনের কারণে স্বল্প সময়ে এর প্রভাব বাংলাদেশে হয়ত পড়বে না; কিন্তু দীর্ঘ মেয়াদে উপকূলে পরিবেশগত অবক্ষয় (ইরোসন) শুরু হবে।" দুই সপ্তাহের গবেষণাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিনউদ্দিন আহমেদও তার সঙ্গে ছিলেন। কাজী মতিনউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিপ ক্যানিয়ন সি-সোয়াচ অব নো গ্রাউন্ড না থাকলে বঙ্গেয় ব-দ্বীপ গড়ে উঠত না। সুন্দরবন থেকে দীর্ঘ ব-দ্বীপ অঞ্চলে মসৃণতা হারাচ্ছে, কোথাও কোথাও গভীর খাদ তৈরি হয়েছে। গত একবছরে সোয়াচ অব নো গ্রাউন্ডের মসৃণ উপরিতলে ১০-২০ মিটার গভীরতা দেখা দিয়েছে। একে সিডরের প্রভাব হিসাবে বিজ্ঞানীরা দেখাছে।" তিনি আরো বলেন, "গভীর-অগভীর খাদের কারণে পানির বিদ্যমান পরিবেশের ভারসাম্য পরিবর্তন হচ্ছে। এতে সংশ্লিষ্ট এলাকায় ক্ষয় বেড়ে যাবে।" কাজী মতিনউদ্দিন আহমেদ নদী মোহনায় ভাঙনের তীব্রতা বাড়ার আশঙ্কার কথা জানিয়ে বলেন, "বাংলাদেশে এমনিতেই নদী ভাঙন বেশি। কিন্তু নদী মোহনায় গভীরতা বাড়লে ভাঙনের হার বেড়ে যাবে।" ভূমিকম্পবিদ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিডরের প্রভাবে বঙ্গেয় ডেল্টায় যে খাদের সৃষ্টি হয়েছে, তাতে সহজেই অনুমেয় সাগরতলে ভূমিকম্প ও তাতে সুনামি সৃষ্টি হলে উপকূলে কী ধরনের প্রভাব পড়তে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমএ/১৯৩৭ ঘ.